রাজধানীতে জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
পুলিশ বলছে, তাদের কাছ থেকে আটটি ককটেল এবং দলীয় সদস্য ফরম, লিফলেটসহ বিভিন্ন বই ও বুলেটিন উদ্ধার করা হয়েছে।
জামায়াতে ইসলামীর ঢাকা গুলশান পূর্ব শাখার সভাপতি হোসাইন বিন মানসুরসহ ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার রাতে শাহজাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মো. ইমরান হোসেন মোল্লা জানান।
গ্রেপ্তার অন্যরা হলেন- মুফতি রহমতুল্লাহ বীন তোফাজ্জল হোসেন (৪৭), এ কে এম আব্দুস ছালাম (৬৫), আব্দুল্লাহ আল মাহফুজ (৩৩), সাইমুম জামি (২৫), হাফিজুর রহমান (৬৬), আনজুম বিন কামাল (২৪), নুর মোহাম্মদ মনির (৩৫), সালাউদ্দিন সাব্বির (১৯), আব্দুর নুর ওরফে নুরনবী (২১), নাসির উদ্দিন (২৩), জেসমিন আক্তার (৩৫), সাহেরা আক্তার (৩৩) এবং তিনজন কিশোর।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ৮টি ককটেল এবং দলীয় সদস্য ফরম, লিফলেটসহ বিভিন্ন বই ও বুলেটিন উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা ইমরান বলেন, “সরকারবিরোধী এজেন্ডা বাস্তবায়নে শাহজাদপুরের একটি বাড়ির নিচতলায় জামাত-শিবিরের নেতাকর্মীরা আলোচনার জন্য ককটেলসহ অবস্থান করছিল। এ সংবাদের ভিত্তিতে গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
“তারা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছিল। রাষ্ট্রীয় সস্পদ ও জনগণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে ককটেল বোমাসহ অর্ন্তঘাতমূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি গ্রহণ করছিল।”
এ বিষয়ে তাদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা হয়েছে বলে জানান ইমরান।
