২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাবেক দপ্তর সম্পাদকের বিরুদ্ধে মামলা

ঢাকার আদালতে মামলাটি করেছেন সংগঠনের বর্তমান দপ্তর সম্পাদক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 11:54 PM

Updated : 24 Oct 2022, 11:54 PM

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে সংগঠনটির সাবেক দপ্তর সম্পাদক মজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন সংগঠনের বর্তমান দপ্তর সম্পাদক সজল মাহমুদ।

এদিন মহানগর হাকিম মামুনুর রশীদ ছিদ্দিকী বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিষয়টি এজাহার হিসাবে গণ্য করতে রমনা থানার ওসিকে নির্দেশ দেন। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগশনকে বলে জানান এ আদালতের পেশকার নাজমুল আলম।

মামলার আরজিতে বলা হয়, “মজিবুর রহমান হাওলাদার প্রতারণার উদ্দেশ্যে ‘শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের’ নাম ব্যবহার করে কাকরাইলে নতুন কার্যালয় বানিয়েছেন।

“দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অসৎ উপায়ে টাকা আদায়, সংগঠন ও দলের নামে মানুষকে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছেন তিনি।”

মজিবুর রহমান হাওলাদার মিথ্যা তথ্য দিয়ে সংগঠনের রেজিস্ট্রেশন করেছেন- অভিযোগ করে মামলায় বলা হয়, সমাজসেবা অধিদপ্তরের কাছ থেকে ২০১৯ সালের ৬ আগস্ট নিবন্ধন নিয়েছেন তিনি। প্রতারণা ও মিথ্যা তথ্য দিয়ে নেওয়া ওই রেজিস্ট্রেশন ২০২০ সালের ২৬ আগস্ট বাতিল হওয়ার পরেও বাতিল নিবন্ধন নম্বর ব্যবহার করে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায় করছেন আসামি।