২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুল বিশ্বাস, সোহেলসহ ৭৭ জনের রায় তৃতীয় দফা পেছাল

২০১৭ সালের ৫ খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে হাজিরার দিনে পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা করা হয়।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 06:07 PM

Updated : 21 Jan 2024, 06:07 PM

রাজধানীর শাহবাগ থানার নাশকতার এক মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ৭৭ জনের রায়ের তারিখ তৃতীয় দফা পিছিয়েছে।

রোববার ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে এ মামলার রায় হওয়ার কথা ছিলো। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় বিচারক ১৩ ফেব্রুয়ারি নতুন তারিখ রাখেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গৌতম চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, শেখ রবিউল আলম রবি, নবী উল্লাহ নবীও রয়েছেন এ মামলার আসামিদের মধ্যে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তারিখ ধার্য ছিল। ওই দিন তিনি পুরান ঢাকার বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজিরা দেন।

এজাহারে বলা হয়, সেদিন দুপুর ২টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার আগেই আসামিরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করে আব্দুল গণি রোড অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ তাদের রাস্তা ছাড়তে অনুরোধ করলে তারা তা না শুনে পুলিশের মাইক্রোবাস ভাঙচুর করে। এছাড়া কয়েকটি বাস, মিনিবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে তারা।

এ ঘটনায় ওই দিনই শাহবাগ থানায় মামলা করেন এসআই মোফাখ্খারুল ইসলাম। তদন্ত শেষে শাহবাগ থানার এসআই শাহ আলম মিয়া ২০১৮ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গত বছরের ২৭ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ২ জানুয়ারি দিন ধার্য করে। এরপর তিন দফা পেছালো রায়ের তারিখ।