রাষ্ট্রপতির সঙ্গে রোটারি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সাক্ষাৎকালে জেনিফার ই জোনস করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত কর্মসূচির প্রশংসা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
করোনাভাইরাসের মতো মহামারীসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেনিফার ই জোনস বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাৎকালে জেনিফার ই জোনস রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তিনি বাংলাদেশে রোটারি ইন্টারন্যাশনালের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন। এছাড়া করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত কর্মসূচিরও প্রশংসা করেন তিনি।”
জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ গোটা বিশ্বকে অনেক বেশি অসহনীয় করে তুলছে উল্লেখ করে রাষ্ট্রপতি এসব সমস্যার সমাধানে রোটারিয়ানদের আরও বেশি অবদান রাখার আহ্বান জানান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের সরকার ও নাগরিকদের মধ্যে অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের উপর নির্ভরশীল না হয়ে সমাজের বিত্তবানদের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
