২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

এইচএসসি সমমান: মাদ্রাসা ও কারিগরি বোর্ডে প্রথম দিন অনুপস্থিত ৫৫১৫

এই দুই বোর্ডে বহিষ্কৃত হয়েছেন ২৯ জন।

এইচএসসি সমমান: মাদ্রাসা ও কারিগরি বোর্ডে প্রথম দিন অনুপস্থিত ৫৫১৫

বৃষ্টিতে পানি জমে দুর্ভোগে চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 07:44 PM

Updated : 27 Aug 2023, 07:53 PM

দশ দিন পিছিয়ে রোববার থেকে শুরু হওয়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫১৫ জন পরীক্ষার্থী, বহিষ্কৃত হয়েছেন ২৯ জন।

এর মধ্যে মাদ্রাসা বোর্ডে ৩ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, অনুপস্থিতির হার ৪ দশমিক ১৩ শতাংশ। বহিষ্কৃত হয়েছেন তিনজন।

কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৮৮ জন। পরীক্ষার্থীদের অনুপস্থিতির হার ১ দশমিক শূন্য ৮ শতাংশ। এই বোর্ডে বহিষ্কৃত হয়েছেন ২৬ জন পরীক্ষার্থী।

রোববার বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সকাল ১০টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্র, কারিগরি শিক্ষা বোর্ডে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২, ব্যাংকিং ও বীমা, অর্থনীতি এবং রসায়ন বিজ্ঞান-২ পরীক্ষার মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।

এদিন চট্টগ্রাম বোর্ডেও এসএসসি পরীক্ষা শুরু হয়। সেখানে প্রথম দিনে অনুপস্থিতির হার ছিল শূন্য দশমিক ৪৮ শতাংশ।

রোববার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ হাজার ৪১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, আর বহিষ্কৃত হয়েছেন ৪৫ জন।

গত ১৭ অগাস্ট দেশের আট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হলেও চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১০ দিন পিছিয়ে যায়।

বৃষ্টি-বন্যার কারণে পেছানো পরীক্ষার প্রথম দিনও বৃষ্টির কারণে ২৯টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয় এক ঘণ্টা দেরিতে।

২০২২ সালে বন্যার কারণে পরীক্ষা আরও পিছিয়ে গিয়েছিল। নভেম্বরে হয়েছিল সেই পরীক্ষা। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও তা পিছিয়ে যায় সিলেবাস শেষ না হওয়ার কারণে।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল।

তবে তাতে বাদ সাধে কোভিড মহামারী। এ কারণে এক বছর পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে।

করোনাভাইরাস মহামারীর পর এবারই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ১০০ নম্বরের প্রশ্নে তিন ঘণ্টায় সব পরীক্ষা হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হয়েছে ৭৫ নম্বরে এবং ২ ঘণ্টা ২৫ মিনিটে।