২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী নারীর ভূমিকার স্বীকৃতি দাবি

অবিলম্বে আদিবাসী নেতাদের নামে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং তাদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন।

ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী নারীর ভূমিকার স্বীকৃতি দাবি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2022, 07:45 PM

Updated : 08 Aug 2022, 07:45 PM

নিজ নিজ জাতিস্বত্ত্বার ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীর ভূমিকাকে সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন।

৯ অগাস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের নেতারা।

দিবসটির এবারের মূল প্রতিপাদ্য ‘ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীর ভূমিকা’।

সোমবার এ উপলক্ষে বিবৃতিতে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন জানায়, “সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতার অভাবে আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, নিজস্ব সামাজিক বৈশিষ্ট্য সবই বিলীন হয়ে যাবে। তাই, আদিবাসীদের অধিকার ও সাংবিধানিকভাবে স্বীকৃত হওয়া খুবই গুরুত্বপূর্ণ।”

আদিবাসী নারীর যোগ্যতাকে স্বীকৃতি দিয়ে সমাজে ও রাষ্ট্রে তাদের মর্যাদাবান ব্যক্তি হিসাবে অবস্থান দেওয়ার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, “রাষ্ট্রকে আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে ভূমিকা পালনের পথ প্রশস্ত করতে হবে।”

বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা দিবালোক সিংহ, সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতোর বরাতে বিবৃতিতে বলা হয়, “এ দিবসটি শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার দিবস নয়, আদিবাসী ও গণতান্ত্রিক সংগ্রামী জনসাধারণের অধিকার আদায়ের দিবসও বটে।”

বাংলাদেশের সমতল ও পাহাড়ি এলাকায় মোট ৪৪টি আদিবাসী জাতিগোষ্ঠী ও ৩৪টি বিভিন্ন ভাষার রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, রীতিনীতি, আচার ব্যবহার, পোষাক-পরিচ্ছদ ও ধর্মীয় বিশ্বাস। আদিবাসীদের রয়েছে নিজস্ব সামাজিক উৎসব। কৃষি পদ্ধতিতেও তাদের রয়েছে ভিন্ন জ্ঞান, যা মূল জনগোষ্ঠীর কৃষি চাষ পদ্ধতি থেকে ভিন্ন।”

প্রথাগত সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আদিবাসী সমাজের নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

দেশের কিছু সমতল ও পাহাড়ি এলাকায় আদিবাসীদের উপর নিপীড়ন, নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, “আদিবাসীরা যখন তাদের অধিকার দাবি আদায়ের লড়াই করছে তখন তাদেরকে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।”

অবিলম্বে আদিবাসী নেতাদের নামে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং তাদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবি জানানো হয় বিবৃতিতে।