২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসাৎ: সোনালী ব্যাংকের ব্যবস্থাপকসহ ৪ জনের নামে মামলা

নিয়মনীতি লঙ্ঘন করে ঋণ মঞ্জুর করা হয় বলে অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 07:04 PM

Updated : 05 Sep 2022, 07:04 PM

সোনালী ব্যাংক থেকে আন্তর্জাতিক বাণিজ্যের নামে ঋণ নিয়ে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির এক ব্যবস্থাপকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

কমিশনের উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ সোমবার দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন বলে সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান।

ঋণ নেওয়া কোম্পানি মেসার্স দাইয়ান ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান সৈয়দা সাহেলা মুনতাসির, ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের তাওয়াব, ব্যাংকের গ্রাহক মোসাম্মৎ রাহাতুন ও সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জের ফরেন এক্সচেঞ্জ শাখার বরখাস্ত ব্যবস্থাপক মো. আব্দুস সামাদকে মামলায় আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামিদের পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের নিয়মনীতি লঙ্ঘন করে লিমিট ও মেয়াদ অতিক্রম করা এবং আমদানি করা কাঁচামালের মজুত নিশ্চিত না করেই ঋণ মঞ্জুর করা হয়।

“শাখা ব্যবস্থাপক ক্ষমতা বহির্ভূতভাবে ঋণপত্র খুলে, গ্রাহকের ফোর্সড লোন দায় থাকা সত্ত্বেও নতুন এলসি খুলে এবং পুনরায় ফোর্সড লোন সৃষ্টি করেন।”

এভাবে আসামিরা ১৯ কোটি ৫৯ লাখ ৩৩ হাজার টাকা ঋণ নেন, যা পরে সুদে-আসলে ৬০ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার ৮১৪ টাকা দাঁড়িয়েছে দাবি করে মামলায় বলা হয়, আসামিরা এ অর্থ ‘আত্মসাৎ’ করেছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।