২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বিমান চলাচলে বিঘ্ন

বৈরী আবহাওয়ায় ৬০টি অভ্যন্তরীণ এবং তিনটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের খবর মিলেছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বিমান চলাচলে বিঘ্ন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উত্তাল বঙ্গেপসাগর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 01:28 AM

Updated : 25 Oct 2022, 01:28 AM

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বৈরী আবহাওয়ায় ৬০টি অভ্যন্তরীণ এবং তিনটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে বিভিন্ন এয়ারলাইন্সের কাছ থেকে।

সিত্রাংয়ের প্রভাবে সোমবার ভোর থেকেই বৃষ্টি হচ্ছিল ঢাকায়, সন্ধ্যায় এটি উপকূল অতিক্রম শুরু করলে রাজধানীতে ঝড়ো হাওয়া বইতে থাকে।

বৈরী আবহাওয়ার কারণে দুপুরের পর থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশালে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। তবে দেশের অন্য বিমানবন্দর সচলই ছিল। 

শাহজালাল বিমানবন্দরে সন্ধ্যা পর্যন্ত ফ্লাইটগুলো নির্ধারিত সময়ই ছেড়েছে। তবে অন্তত চারটি ফ্লাইট ঢাকায় ল্যান্ড করতে না পেরে সিলেট এবং মিয়ানমারের ইয়াঙ্গুনে ল্যান্ড করেছে।

বিমানবন্দরে কর্মরত এয়ারলাইন্সগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিমানের ১০টি অভ্যন্তরীণ ফ্লাইট, নভোএয়ারের ২২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ইউএস-বাংলার ২৮টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানের বাতিল ১০টি ফ্লাইটের মধ্যে চারটি কক্সবাজারের এবং ছয়টি চট্টগ্রামের ফ্লাইট ছিল।

বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, বেলা ৩টা থেকে মঙ্গলবার দুপর পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বরিশালের নির্ধারিত ফ্লাইটগুলো রিশিডিউল করা হয়েছে। এছাড়া সোমবার সন্ধ্যায় বিমানের কলকাতাগামী ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়েছে।

সিঙ্গাপুর থেকে আসা বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটটি প্রবল বাতাসে শাহজালালে নামতে না পেরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ৭৮ জন যাত্রী নিয়ে সিলেটে নামে বলে জানান তিনি।

তীব্র বাতাসের কারণে সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইনসের চেন্নাই থেকে আসা ফ্লাইটটি শাহজালালে অবতরণে ব্যর্থ হয়ে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামে। একইভাবে বিমানের সিঙ্গাপুর থেকে আসা একটি উড়োজাহাজ ঢাকায় নামতে না পেরে সিলেটে নামে।

এছাড়া চীনের গুয়াংজু থেকে আসা সৌদিয়া এয়ারলাইনসের একটি কার্গো উড়োজাহাজ ঢাকায় নামতে না পেরে মিয়ানমারের ইয়াঙ্গুনে নেমেছে বলে বিমানবন্দর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটগুলো মোটামুটি নির্ধারিত সময়েই নেমেছে ও উড়েছে। পাইলটের সিদ্ধান্ত অনুযায়ী দু-একটি বিকল্প এয়ারপোর্টে যায়।