২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রের জন্যই সারাজীবন লড়াই করেছি: শেখ হাসিনা

“আমি কখনোই ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না,” বলেন প্রধানমন্ত্রী।

গণতন্ত্রের জন্যই সারাজীবন লড়াই করেছি: শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলে বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2023, 04:37 PM

Updated : 16 Feb 2023, 02:37 PM

নির্বাচন কমিশন ‘সম্পূর্ণ স্বাধীন হওয়ায়’ আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। আমি সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধিদল বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের এ কথা বলেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন বলে বাসসের এক প্রতিবেদনে বলা হয়।

শেখ হাসিনা বলেন, প্রথমবারের মত সংসদে ইসি পুনর্গঠন আইন পাস হয়েছে এবং তারপর সেই আইনের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ইসি সম্পূর্ণভাবে স্বাধীন এবং এর প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা রয়েছে।

ইসি গঠনে দীর্ঘদিন কোনো আইন না থাকায় তা নিয়ে বরাবরই সমালোচনা হচ্ছিল। বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অনান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ আইন প্রণয়ন হয় ২০২২ সালের ২৭ জানুয়ারি।

ওই আইন অনুযায়ী গঠিত সার্চ কমিটি রাজনৈতিক দলসহ সবার কাছ থেকে ৩২২টি নাম সংগ্রহ করে ১০ জনকে চূড়ান্ত করে। ওই সুপারিশের ভিত্তিতে গত বছরের ২৬ ফেব্রুয়ারি সিইসি ও চার নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী বলেন, আগামী সাধারণ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে তার দল দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

“আমি কখনোই ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না।”

শেখ হাসিনা বলেন, “তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য কোনো রাজনৈতিক দলের ভিত্তি নেই। বিএনপি ও জাতীয় পার্টির জন্ম তো ক্যান্টনমেন্টে হয়েছে।”

সামাজিক অর্থনৈতিক বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আলোকপাত করে সরকারপ্রধান বলেন, তার সরকারের আমলে গত ১৪ বছরে বাংলাদেশের এই পরিবর্তন দৃশ্যমান হয়েছে। 

“দেশে অব্যাহত গণতান্ত্রিক চর্চা ও স্থিতিশীলতার কারণেই এমনটা সম্ভব হয়েছে।”

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের উচিৎ এই যুদ্ধ বন্ধ করতে উদ্যোগ নেওয়া। কারণ এর ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে। যুদ্ধ কখনোই মানব জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।”

যুক্তরাষ্ট্রকে সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে। আলোচনার মাধ্যমে এই বিরোধের মীমাংসা হতে পারে।”

রোহিঙ্গাদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা হিসেবে দেখা দিয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

মিয়ানমার থেকে বিপুল সংখ্যক নাগরিক আসার কারণে স্থানীয়রা ‘সংখ্যালঘুতে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “রোহিঙ্গা শরণার্থীরা মাদক পাচার, মানব পাচার, সন্ত্রাসবাদ ও আন্তঃসহিংসতার মতো নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

“মিয়ানমারের এই বাস্তুচ্যুত নাগরিকরা পাঁচ বছর ধরে কক্সবাজারে আশ্রয় নিয়ে আছে। তাদের কারণে স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয়দের জীবিকা হুমকির মুখে পড়ছে। আর তাই এখন তাদের সেখানে রাখা কঠিন হয়ে পড়েছে।”

রোহিঙ্গাদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে ভাসানচরে আয়সংস্থানমূলক কাজসহ তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি ভাসানচরে সহায়তা দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ কক্সবাজার ও ভাসানচরে ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে জানিয়ে শেখ হাসিনা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

মানবিক কারণে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডেরেক শোলেট বলেন, এই বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রত্যাবাসনের জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

তিনি বলেন, “মিয়ানমারে আবার কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে প্রত্যাবাসন সম্ভব হবে।” 

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এ সময় উপস্থিত ছিলেন।

দুদিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন ব্লিংকেনের জ্যেষ্ঠ পলিসি অ্যাডাভাইজার ডেরেক শোলে। সকালে তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রতিনিধি দলের। পরে এক ব্রিফিংয়ে ডেরেক শোলে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক ‘খুব ভালো’ হয়েছে।

“বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওপর যুক্তরাষ্ট্র যে গুরুত্ব দেয়, সে কারণেই আমরা আজ এখানে।…. রাজনৈতিকভাবে, নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিকভাবে আমাদের দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্কের ওপর আমরা কতটা গুরুত্ব দিই, এই সফর তারই প্রতীক।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলরের দায়িত্বে থাকা ডেরেক শোলে দেশটির আন্ডার সেক্রেটারি পদমর্যাদায় পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ পলিসি অ্যাডভাইজার।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের পরামর্শ অনুযায়ী বিশেষ কূটনৈতিক দায়িত্বও সামলে থাকেন এই কর্মকর্তা।