১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় গ্রিডে ফিরেছে আদানির বিদ্যুৎ

লাইন মেরামতের পর বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় আদানি বিদ্যুৎ কেন্দ্র পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

জাতীয় গ্রিডে ফিরেছে আদানির বিদ্যুৎ

বিদ্যুৎ সঞ্চালনের জাতীয় গ্রিড ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2023, 11:04 AM

Updated : 08 Jun 2023, 11:04 AM

সঞ্চালন লাইনের জটিলতায় ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর ভারতের আদানি পাওয়ারের বিদ্যুৎ আবার জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খান জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় আদানি বিদ্যুৎ কেন্দ্র পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

বৃহস্পতিবার সকাল ৯টায় ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সঞ্চালিত বিদ্যুতের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।

বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করতে আদানি গ্রুপ ভারতের ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক একটি কেন্দ্র নির্মাণ করেছে। সেখান থেকে বাংলাদেশে দৈনিক প্রায় ৭০০ মেগাওয়াট করে বিদ্যুৎ আসছিল এতদিন।

বুধবার বিকাল পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এলাকায় সঞ্চালন লাইন ‘ট্রিপ’ করলে আদানি পাওয়ারের বিদ্যুৎ আসা বন্ধ হয়ে যায়।

জ্বালানি সঙ্কটে বেশ কিছু উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় গত কয়েক সপ্তাহ ধরে এমনিতেই বিদ্যুতের লোড শেড করতে হচ্ছিল। তার মধ্যে আদানির বিদ্যুৎ থেমে যাওয়ায় সংকট আরও বেড়ে যায়।

পুরানো খবর:

সঞ্চালন লাইনে ত্রুটিতে বন্ধ আদানির বিদ্যুৎ

ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার এনএলডিসির তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে আড়াই হাজার থেকে তিন হাজার মেগাওয়াট লোড শেড হয়ে এলেও বুধবার তা আরও বেড়ে যায়। বিকাল ৩টায় লোড শেডিং ছিল ৩ হাজার ১৪২ মেগাওয়াট। বিকাল ৪টায় তা বেড়ে ৩ হাজার ৪১৯ মেগাওয়াট হয়।

পিজিসিবির মুখপাত্র বলেন, বুধবার বিকাল ২টা ৪৬ মিনিটে সঞ্চালন লাইন ‘ট্রিপ’ করার পর তাদের প্রকৌশলীরা দ্রুত পদক্ষেপে নিয়ে ৩টা ৬ মিনিটে লাইনটি চালু করতে সক্ষম হন। বিদ্যুৎ কেন্দ্রের যাবতীয় কারিগরি প্রস্তুতি সেরে রাত ৩টা ৪৩ মিনিটে আদানির কেন্দ্র থেকে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।