ডিআরইউ সাহিত্য পুরস্কার নিলেন রাজীব নূরসহ ৩ জন
সদস্য লেখকদের স্বীকৃতি দিতে এ বছর সাহিত্য পুরস্কার চালু করেছে ডিআরইউ, যাতে বই জমা দেন ৩৯ জন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাহিত্য পুরস্কার বিজয়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পেশাল অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূরসহ তিনজন পুরস্কার নিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদের হাত থেকে।
বুধবার ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
এবছর কথা সাহিত্যে (গল্প/উপন্যাস) রাজীব নূর, কাব্যে (কবিতা/ছড়া) হাসান হাফিজ (আমার দেশ) এবং মননশীল (প্রবন্ধ ও গবেষণা) ক্যাটাগরিতে এম মামুন হোসেন (সময়ের আলো) ‘ডিআরইউ সাহিত্য পুরস্কার-২০২২’ বিজয়ী হয়েছেন।
সদস্য লেখকদের স্বীকৃতি দিতে এ বছর সাহিত্য পুরস্কার চালু করেছে ডিআরইউ, যাতে বই জমা দেন ৩৯ জন।
গল্পগ্রন্থ ‘পুরুষ, পিতৃত্ব ও অন্যান্য গল্প’র জন্য রাজীব নূর, কাব্যগ্রন্থ ‘নদী নয় মানুষের মতো অনুদার’র জন্য হাসান হাফিজ এবং ‘আদি অন্তে ঢাকা’ গ্রন্থের জন্য এম মামুন হোসেন বিজয়ী হয়েছেন।
ডিআরইউয়ের জুরি বোর্ডের দেওয়া নম্বরের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের জন্য যেসব সদস্য বই জমা দিয়েছিলেন, তাদের সবাইকেই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়েছে।
জুরিবোর্ড গঠন করে প্রাতিষ্ঠানিকভাবে সাহিত্য পুরস্কার প্রদানের জন্য ডিআরইউকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, “এই উদ্যোগের প্রেক্ষিতে সাংবাদিকদের লেখনি আরও উৎসাহিত হবে। অনেক প্রথিতযশা সাহিত্যিকই জীবনের কোনো এক পর্যায়ে সাংবাদিকতা করেছেন।”
