২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে নতুন ভারতীয় হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও ফুল দিয়েছেন প্রণয় ভার্মা।

রাষ্ট্রপতির কাছে নতুন ভারতীয় হাই কমিশনারের পরিচয়পত্র পেশ

ভারতের নতুন হাই কমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2022, 10:29 PM

Updated : 27 Oct 2022, 10:29 PM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মিশন প্রধানের পরিচয়পত্র পেশের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচয়পত্র পেশের পর বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে তার সাক্ষাতের সময় হাই কমিশনার ভার্মা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

তিনি ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

হাই কমিশনারকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার জন্য কাজ করতে তার প্রচেষ্টা থাকবে।

“এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে অনুধাবন করতে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তিনি উন্মুখ।”

রাষ্ট্রপতি হাই কমিশনারকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দ্বিপক্ষীয় সহযোগিতায় ভারত ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ড আগামীতে আরও জোরদার হবে।

পরিচয়পত্র পেশের পর ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান হাই কমিশনার ভার্মা।