২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সমাজ গঠনে সাংবাদিক ও পুলিশের ভূমিকা দেখছেন ডিএমপি কমিশনার

“সাংবাদিকরা জীবিকার জন্য প্রত্যক্ষভাবে কাজ করলেও পরোক্ষভাবে সমাজের জন্যও কাজ করে থাকে,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 07:42 PM

Updated : 14 Jan 2024, 07:41 PM

অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

তিনি বলেছেন, “সংবাদিকতা পেশা মানবসভ্যতাকে এগিয়ে নিতে সাহায্য করে, মানব সমাজকে অপরাধমুক্ত থাকতে সাহায্য করে এবং মানব সমাজকে অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াতে সাহায্য করে।

“সাংবাদিকরা জীবিকার জন্য প্রত্যক্ষভাবে কাজ করলেও পরোক্ষভাবে সমাজের জন্যও কাজ করে থাকে।”

রোববার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “অপরাধ বিষয়ক সাংবাদিকরা অপরাধ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করে তা প্রকাশ করে থাকেন। আর পুলিশ আইনের মাধ্যমে অপরাধ দমনে এবং অপরাধ হয়ে গেলে তা প্রতিকারমূলক কাজ করে থাকেন।”

পুলিশ আইনের মাধ্যমে এবং সাংবাদিকরা কলম ও বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে সমাজ গঠনে ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সাংবাদিক, পুলিশসহ সকল পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করলেই ২০৪১ সালে গিয়ে সেই উন্নত বাংলাদেশ দেখতে পাব।”

ক্র্যাব সভাপতি মির্জা তমাল মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়।