পিপলস লিজিংয়ের খবিরের পরিবারের সদস্যদের পাসপোর্ট জমার নির্দেশ
খবিরউদ্দীনের পরিবারের বাকিরা তাদের পাসপোর্ট বা এনআইডি জমা না দেওয়া পর্যন্ত তার দুই মেয়ে র্যাবের হেফাজতেই থাকবেন।
অর্থ আত্মসাতের অভিযোগের মুখে থাকা প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ের পরিচালক খবিরউদ্দীনের দুই মেয়েসহ পরিবারের ১০ সদস্যের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
পাশাপাশি আগামী এক মাসের মধ্যে এই পরিবারটির মাধ্যমে পাচার করা ১৯৬ কোটি টাকার মধ্যে ৫ শতাংশ টাকা জমা দিতেও বলেছে আদালত।
বুধবার শুনানি নেওয়ার পর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।
আদালতে খবিরউদ্দীনের দুই মেয়ে শারমীন আহমেদ (৪২) ও তানিয়া আহমেদকে পক্ষে শুনানি করেন আইনজীবী আবু তালেব। পিপলস লিজিংয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মেজবাহুর রহমান।
আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাই কোর্টে নির্দেশে বলা হয়েছে পিপলস লিজিংয়ের পরিচালক খবিরউদ্দীনের পরিবারের এই ১০ সদস্যের মধ্যে যাদের পাসপোর্ট নেই তাদের জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।
র্যাবের গ্রেপ্তারের পর দুই বোন শারমীন ও তানিয়া আহমেদের পাসপোর্ট র্যাব জব্দ করেছে এবং তারা পুলিশি হেফাজতে আছেন বলেও জানান তাদের আইনজীবী।
আইনজীবী আবু তালেব আরও জানান, খবিরউদ্দীনের পরিবারের বাকিরা তাদের পাসপোর্ট বা এনআইডি (জাতীয় পরিচয়পত্র) জমা না দেওয়া পর্যন্ত তার দুই মেয়ে র্যাবের হেফাজতেই থাকবেন।
পিপলস লিজিংয়ের পরিচালক খবিরউদ্দীনের দুই মেয়ে শারমীন ও তানিয়াকে বুধবার ভোররাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র্যাব। এক মাস আগে ঢাকায় এসে আত্মগোপনে থেকে তারা কানাডায় ‘পালিয়ে যাচ্ছিলেন’বলে র্যাবের ভাষ্য।
র্যাব আরও বলছে, শারমীন ও তানিয়া অর্থ আত্মসাৎ করে পালিয়ে থাকা অবস্থায় ভারতে গ্রেপ্তার প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের দুই সহযোগীও।
বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার যে চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছিলেন, সেগুলোর একটি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আর এ প্রতিষ্ঠানটির পরিচালক খবিরউদ্দীন ছিলেন পি কে হালদারের অন্যতম সহযোগী। তিনি কোম্পানির প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১০ সাল পর্যন্ত পরিচালকের পদে ছিলেন।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
অর্থ আত্মসাতের মামলায় চলতি বছরের ৭ মার্চ কোম্পানির ঋণ খেলাপিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। ওইদিন উপস্থিত না হওয়ায় গত ১৯ এপ্রিল তাদের গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন
