২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক অতিরিক্ত আইজিপির বাসা থেকে ৪৫ ভরি সোনার গয়না খোয়া

খোয়া যাওয়া গয়না মোজাম্মেল হকের মেয়ে নৃত্যশিল্পী মৌটুসী খন্দাকারের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 08:12 PM

Updated : 23 Aug 2022, 08:25 PM

রাজধানীতে পুলিশের সাবেক অতিরিক্ত আইজি খন্দকার মোজাম্মেল হকের বাসার গ্রিল কেটে ৪৫ ভরি সোনার গহনা চুরি হয়েছে।

সোমবার রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ইস্টার্ন হাউজিংয়ে ষষ্ঠ তলার ডুপ্লেক্স বাসায় ওই চুরির ঘটনা ঘটে।

থানা পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশ, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই বাসা ঘুরে দেখেছেন।

খন্দকার মোজাম্মেলের স্ত্রী মিতালি হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে তিনি ও তার স্বামী ডুপ্লেক্স বাসার নিচে ঘুমিয়েছিলেন। দুজন গৃহপরিচারিকাও নিচে ঘুমান।

“বাসার উপরে কেউ ছিল না। সকালে ৮টায় ঘুম থেকে উঠে রুম পরিষ্কার করার জন্য গৃহপরিচারিকা দেখে উপরের একটি রুম ভেতর থেকে লক করা।”

পরে চাবি দিয়ে লক খুলে ভেতরে গিয়ে গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায় জানিয়ে মিতালি হোসেন বলেন, “আলমারি ভেঙে লকারে থাকা গয়নার বক্স নিয়ে গেছে। বাক্সে প্রায় ৪৫ ভরি স্বর্ণ ছিল। এছাড়া ৪০০ সিঙ্গাপুরি ডলারও খোয়া গেছে।”

তিনি বলেন, “ওই তলায় কাপড়সহ আরো অনেক কিছু ছিল, কিন্তু আর কিছু খোয়া যায়নি।”

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মো. শহিদুল্লাহ বলেন, “রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে থানায়।”

মিতালি হোসেন জানান, তার স্বামী মোজাম্মেল হক ১৯৭৩ ব্যাচে পুলিশ বাহিনীতে যোগ দেন এবং ২০০৬ সালে অবসরে যান। খোয়া যাওয়া গয়নাগুলো তাদের মেয়ে নৃত্যশিল্পী মৌটুসী খন্দাকারের বিয়ের গহনা ছিল। মৌটুসী বাদী হয়েই রমনা থানায় মামলা করেছেন।