শি জিনপিংকে শেখ হাসিনার অভিনন্দন
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির বিংশতম পূর্ণাঙ্গ অধিবেশনে শিকে পার্টির জেনারেল সেক্রেটরি পদে পুনর্নির্বাচিত করা হয়েছে।
তৃতীয়বারের মত ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার তার দপ্তর থেকে জানানো হয়েছে, শি আরও পাঁচ বছরের জন্য চীনের ক্ষমতাসীন দলের নেতৃত্বের হাল ধরায় শেখ হাসিনা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রোববার বেইজিংয়ের গ্রেট হল অব পিপলসে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির বিংশতম পূর্ণাঙ্গ অধিবেশনে শিকে পার্টির জেনারেল সেক্রেটরি নির্বাচিত করা হয়।
অধিবেশনে সিপিসির কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও শির নাম ঘোষণা করা হয়। পাশাপাশি অধিবেশনে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সাত সদস্যের স্ট্যান্ডিং কমিটি নির্বাচিত করা হয়।
চীনের প্রেসিডেন্টরা শুধু দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন, এমন বাধ্যবাধকতা ২০১৮ সালে তুলে নেন শি। তখনই ধারণা করা হয়েছিল, সম্ভবত তিনি দুই মেয়াদের বেশি দেশটির ক্ষমতায় থাকবেন।
মার্চে পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ নবায়ন করা হতে পারে। ওই অধিবেশনেই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
