২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী

গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 09:23 PM

Updated : 22 Oct 2023, 09:28 PM

ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২৫ ও ২৬ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদরদপ্তরে এ সম্মেলনে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রী ২৪ অক্টোবর মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা করবেন এবং সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ সফরের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

বিশ্বব্যাপী স্মার্ট, পরিবেশবান্ধব ও নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, পরিবহনখাতে অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা ব্যবস্থা শক্তিশালী করতে ২০২১ সালের ডিসেম্বরে ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের ঘোষণা দেয় ইইউ।

এবার প্রথমবারের মতো হতে যাওয়া এ সম্মেলনে ইইউ ২০টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে বলে রয়টার্সের এক খবরে তুলে ধরা হয়।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন, দিল্লীতে জি ২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন।

রোববার মন্ত্রী বলেন, সম্মেলনের প্রথম দিন গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি ইইউর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন তিনি। ওই দিন তার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এ বৈঠকের পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি সই হবে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে অনুদান হিসেবে প্রদানের জন্য ইউরোপিয়ান কমিশন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে ৪৫ মিলিয়ন ইউরোর একটি চুক্তি এবং বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান কমিশনের মধ্যে ১২ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি সই হবে।

পুরনো খবর:

ইইউ ৭ পর্যবেক্ষক পাঠাবে নিজ খরচে, থাকা-খাওয়া জোগাবে সরকার

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে তিনি বলেন, “এ চুক্তি বাংলাদেশে ব্যাংকটির অধিকতর বিনিয়োগের পথ প্রসারিত করবে বলে আশা করা যায়।”

সফরকালে সরকার ও ইউরোপিয়ান কমিশনের মধ্যে বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি আলাদা অনুদান চুক্তি সই হবে বলেও জানান মোমেন।

সম্মেলনের দ্বিতীয় দিন ২৬ অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেজান্ডার ডি ক্রু এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জাবিয়ের বেটেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন বিকালে প্রধানমন্ত্রী বেলজিয়ামে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এরপর দেশের উদ্দেশ্যে ব্রাসেলস ত্যাগ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।