২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পদ: রাজউক কর্মকর্তার কারাদণ্ড

অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৭ সালে আলী আজমের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 05:45 PM

Updated : 25 Aug 2022, 05:45 PM

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান বৃহস্পতিবার এ রায় দেন।

পলাতক মো. আলী আজম মিয়া রাজউকের সহকারী অথরাইজ অফিসার। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার থানার শাহ্ধারী গ্রামে।

ঘোষিত আয়ের বাইরে সম্পদ থাকায় তাকে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তার ‘অবৈধভাবে অর্জিত’ ১ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেত নির্দেশ দিয়েছে আদালত।

একই মামলায় আরেকটি ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাভোগের আদেশ দিয়েছেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফাতেমা খানম নীলা জানান, দুই ধারার সাজা একত্রে চলবে বলে আসামি আজমকে সব মিলিয়ে ৫ বছর কারাভোগ করতে হবে। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন বিচারক।

আদালতের পেশকার শরীফুল ইসলাম বলেন, এদিন আসামিপক্ষের আইনজীবী রায় পেছানোর আবেদন করেন। তবে বিচারক তা নাকচ করে রায় ঘোষণা করেন।

২০১৭ সালের ১৩ এপ্রিল আলী আজমের বিরুদ্ধে রমনা থানায় এই মামলা করেছিলেন দুদকের উপ-পরিচালক রাহিলা খাতুন। মামলায় ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ২০২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৫৬ লাখ ৮৭ হাজার ১১০ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মামলাটি তদন্ত করে একই ব্যক্তি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দিয়েছিলেন।