২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ থেকে শিক্ষা নিতে হবে: সুরঞ্জিত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ মানুষের চাওয়া উপলব্ধি করতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে মনে করছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলছেন, এ থেকে শিক্ষা নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ মানুষের চাওয়া উপলব্ধি করতে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে মনে করছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলছেন, এ থেকে শিক্ষা নিতে হবে। নারায়ণগঞ্জে নির্বাচনের এক দিন পর মঙ্গলবার এক আলোচনা সভায় সংসদ সদস্য সুরঞ্জিত বলেন, "তৃণমূলের সাধারণ মানুষের মনোভাব না বুঝে আপনি সমর্থনই দেন, আর মনোনয়নই দেন- এই নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে বিচলিত বোধ করেনি। সংগঠনের তৃণমূল কর্মীদের মতামত অগ্রাহ্য করে নেওয়া কোনো সিদ্ধান্ত যে ভালো ফলাফল বয়ে আনে না, তার উৎকৃষ্ট উদাহরণ এই নির্বাচন।" গত রোববার অনুষ্ঠিত নারায়ণগঞ্জের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এক লাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সরকারি দল সমর্থিত প্রার্থী শামীম ওসমান। আইভীর প্রতি গণরায়কে 'গণজাগরণ' আখ্যা দিয়ে সুরঞ্জিত বলেন, "এই গণজাগরণের মূল দর্শনটি ছিলো বিকল্প হিসাবে চারদলীয় জোট, মহাজোট কিংবা যুদ্ধাপরাধীরা নয়; তাদের আদর্শ ছিলো সৎ, নিষ্ঠাবান আর জনগণের কাছে সত্যিকারের অঙ্গীকারাবদ্ধ প্রার্থী।" "এই নির্বাচন থেকে এমনকি সরকারি দলেরও শিক্ষা নেওয়ার আছে। সরকারি দলকেও বুঝতে হবে এই নির্বাচনে সমর্থনের রাজনীতি আর জনগণের রাজনীতি এক হয়নি," বলেন তিনি। শেষ মুহূর্তে বিএনপি প্রার্থী তৈমুর আলম খন্দকারের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে 'পলায়নপর মনোভাব' আখ্যা দিয়ে সুরঞ্জিত বলেন, "বিএনপির মধ্যরাতের নির্বাচন বয়কটের সিদ্ধান্ত তাদের পলায়নপর রাজনীতিকেই প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এতে করে ভোটারদের কিছু আসে যায়নি।" নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হওয়ায় দিকে ইঙ্গিত করে সরকারদলীয় এ সংসদ সদস্য বলেন, প্রমাণ হলো অর্ন্তর্বতীকালীন সরকার থাকলেও শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা সম্ভব। নির্বাচেনে সেনা মোতায়েন নিয়ে সরকারের প্রতি নির্বাচন কমিশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এ নিয়ে একটি রিট আবেদন হয়েছে, আদালতের মাধ্যমেই জবাব আসবে।" ফেইসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগের সাইট আগামীতে নির্বাচনে বড় ধরনের প্রভাব রাখবে বলে মনে করেন সুরঞ্জিত। তিনি বলেন, "টেকনোলজির এ যুগে ব্লাডি সিভিলিয়ানদের রাজনীতি নিঃশেষ হয়েছে। এই নতুন প্রজন্ম মিছিল-মিটিংয়ে যাবে না, কিন্তু তাদের নিজেদের সিদ্ধান্ত তারা ঠিকই প্রতিফলিত করবে।" ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় সুরঞ্জিত বক্তব্য রাখেন। ১৯৭৫ সালে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার বিচার নতুন করে করার ওপর জোর দেন তিনি। সুরঞ্জিত বলেন, "গণতন্ত্রের স্বার্থে জাতীয় চার নেতা হত্যার বিচার নতুন পরিস্থিতিতে সার্বিক বিবেচনার মধ্যে এনে এগিয়ে নিয়ে যাওয়া হবে।" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার চার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী ও এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। আলোচনা অনুষ্ঠানের সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তারানা হালিম যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৬২৫ ঘ.