২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএম: কেন্দ্রে ফল দ্রুত, নিয়ন্ত্রণ কক্ষে যেতে দেরি

নারায়ণগঞ্জে নির্বাচনে ইভিএমে নেওয়া ভোটের ফল ভোটকেন্দ্রে ঘণ্টাখানেকের মধ্যে ঘোষণা হলেও রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষে তা পৌঁছায় দেরিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 07:00 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক নারায়ণগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে নির্বাচনে ইভিএমে নেওয়া ভোটের ফল ভোটকেন্দ্রে ঘণ্টাখানেকের মধ্যে ঘোষণা হলেও রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষে তা পৌঁছায় দেরিতে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬৩টি কেন্দ্রের মধ্যে সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের নয়টি ওয়ার্ডের ৫৮ কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে রিটার্নিং কর্মকর্তা সন্ধ্যা সোয়া ৬টায় কেন্দ্রভিত্তিক বেসরকারি ফল ঘোষণা শুরু করেন। প্রথমেই ইভিএমে ভোট হওয়া ১৮ নম্বর ওয়ার্ডের ১১৯ নম্বর কেন্দ্রের ফল ঘোষণা করেন তিনি। ইভিএম ভোট নেওয়া কেন্দ্রগুলোর মধ্যে শেষটির ফল জানানো হয় রাত ১২টার পর। এটি ছিল ২২ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর কেন্দ্র। মোট ১৬৩ কেন্দ্রের ক্রম অনুযায়ী এটি ১৫৬ নম্বর কেন্দ্র। নিয়ন্ত্রণ কক্ষে ফল ঘোষণায় দেরি প্রসঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, "আমরা স্বীকার করি-নিয়ন্ত্রণ কক্ষে ভোট শেষের দুই ঘণ্টা পরে ফল ঘোষণা শুরু হয়। কিন্তু কেন্দ্রভিত্তিক ফল প্রিজাইডিং কর্মকর্তা খুব দ্রুত দিয়েছেন। "৪টায় ভোট শেষ হওয়ার পরই এজেন্টদের সঙ্গে নিয়ে অন্তত ৪৫ মিনিটের মধ্যেই ইভিএমের সব কেন্দ্রে গণনা শেষ হয়। সঙ্গে সঙ্গে ফলও জানিয়ে দেওয়া হয়।" তিনি জানান, কেন্দ্রে ফল প্রস্তুতের পর প্রয়োজনীয় মালামাল সংগ্রহ করে সংশ্লিষ্টদের নিয়ে নিরাপত্তা প্রহরায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে আসতে সময় লেগেছে। ফল ঘোষণায় দেরি হওয়ার কারণ প্রসঙ্গে ইভিএমের কারিগরি দিক দেখভালের দায়িত্বে থাকা বুয়েটের আইআইসিটি পরিচালক লুৎফুল কবীর বলেন, "কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ফল দ্রুত দিয়েছেন। কোথাও কোথাও হয়তো ঘণ্টাখানেকের মতো লেগেছে। এজেন্টদের কনভিন্স করে ভোট গণণা সম্পন্ন করা বা একই ভোট কয়েকবার গণনা করা- সব কিছুই দেরির কারণ।" নারায়ণগঞ্জে ২৭টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ডের (৭, ৮, ৯, ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ২৪) মোট ৫৮ কেন্দ্রের ৪৫০টি বুথে একটি করে ইভিএম ব্যবহার করা হয়। পরিবহন ত্র"টির কারণে রোববার কয়েকটি কেন্দ্রে শুরুতে যান্ত্রিক ত্র"টির মধ্যেও পড়তে হয় ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্তদের। ইভিএম ব্যবহারের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার বক্তব্য হলো নির্বাচনী ব্যবস্থাপনাকে সহজতর, ফল ঘোষণা তাড়াতাড়ি করা, নির্বাচনোত্তর সহিংসতা কমানো, নির্বাচন পরিচালনা ব্যয় কমানো ও প্রশাসনিক জটিলতা কমানোসহ আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এ উদ্যোগ। কেন্দ্রে ফল দ্রুত ১০ নম্বর শীতলক্ষ্ম্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীর এজেন্ট ছিলেন আশরাফ হোসেন বুলবুল। তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কেন্দ্রে ৪টায় ভোট শেষ হওয়ার আধ ঘণ্টার মধ্যেই ফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা। তবে ইভিএমে ভোট দেওয়া ও নেওয়ার সময় সাধারণ মানুষের অসুবিধার কথা তুলে ধরেন আশরাফ। তিনি বলেন, "যারা ইভিমে ভোট দেওয়ার মহড়ায় অংশ নিয়েছিলো তাদের ভোট নিতে কোনো সমস্যা হয়নি। কিন্তু যারা ভোটের আগে মহড়ায় যায়নি, দিনমজুর খেটে খাওয়া মানুষ তাদের সমস্যা হয়েছে।" ভোট কক্ষের বাইরে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্বলিত পোস্টার দেখিয়ে, যান্ত্রিক সুবিধা ও পদ্ধতি বুঝিয়ে অনেকের ভোট নিতে হয়ে বলে জানান তিনি। প্রশিক্ষণ না থাকায় অনেক এজেন্টও অনভিজ্ঞ মন্তব্য করেন আশরাফ। তিনি বলেন, "ভোট গণনার সময় কেন্দ্রে প্রার্থীর প্রতিটি ভোট দেখতে না পাওয়ায় কয়েকজন এজেন্ট প্রশ্ন তুলেন। তারা সমষ্টিগত ভোটের চেয়ে ব্যালট পেপারের মতো পৃথক ভোট দেখতে চান।" আইআইসিটি পরিচালকও মনে করেন মক ভোটিং ও ইভিএম নিয়ে প্রচারণা পর্যাপ্ত হয়নি। নারায়ণগঞ্জে ৬৯ দশমিক নয় শতাংশ ভোট পড়েছে। ইভিএম কেন্দ্রগুলোয় গড়ে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানান আইআইসিটি পরিচালক লুৎফুল কবীর। 'ভোট তাড়াতাড়ি, ফলও তাড়াতাড়ি' শীতলক্ষ্ম্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোববার ভোট দিয়ে সেলিনা বেগম জানান, ভোট দিতে তার সমস্যা হয়নি। ভোট দেওয়ার আগে তার কিছু সন্দেহ ছিল পদ্ধতি নিয়ে। তিনি বলেন, "এখন মনে হচ্ছে- সব কেন্দ্রেই ইভিএম থাকলে ভালো হতো। ভোটও যেমন তাড়াতাড়ি হয়, তেমনি ফলও তাড়াতাড়ি।" এ কেন্দ্রে ৭০ শতাংশ ভোট পড়ে। নলুয়া প্রাথমিক বিদ্যালয়ে ইভিএমে ভোট দিয়ে সন্তেুাষ প্রকাশ করেন ভোটার ফারজানা নারগিস মুক্তা। তিনি মনে করেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আগামীতে জাতীয় নির্বাচনেও ইভিএম ব্যবহার করলে ভালো হবে। তবে এর আগে এখন থেকে ভোটারসহ জনগণকে এ বিষয়ে সচেতন করে তুলতে হবে। জয় গোবিন্দ স্কুলে ভোট দিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেন সত্তরোর্ধ্ব জিন্না মিয়া। তিনি বলেন, "ভোট দিতে তো ভালো লাগলো। কিন্তু যাকে দিলাম তার কাছে গেছে কি না, নাকি ভোট পাল্টে ফেলার সুযোগ রয়েছে- বুঝতে পারছি না। দেখি ফল কী হয়!" ভোটের ফলাফলে সন্তোষ প্রকাশ করে ইভিএমের প্রতি আস্থা বেড়েছে এই বৃদ্ধের। তিনি বলেন, "এ নিয়ে কত অপপ্রচার। এখন দেখি ভোটের ফলও ঠিক আছে। যেখানে ব্যালট পেপারে ভোট হয়েছে, যেখানে ইভিএমে ভোট হয়েছে- সবখানে মনে হয়েছে ফল ঠিক আছে। এ যন্ত্রেও ভোট ভালো হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/০০৪৫ ঘ.