২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইভীর বিজয়ে 'আনন্দিত' প্রধানমন্ত্রী

সেলিনা হায়াৎ আইভী দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'আনন্দিত' বলে জানিয়েছে কয়েকটি সূত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেলিনা হায়াৎ আইভী দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'আনন্দিত' বলে জানিয়েছে কয়েকটি সূত্র। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আইভী জয়ী হওয়ায় রোববার মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা আনন্দ প্রকাশ করেন। মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। বৈঠক শেষে সহকর্মীদের সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী বলেন, কমনওয়েলথভুক্ত দেশের সরকার প্রধানদের বৈঠকে যোগদান উপলক্ষে তার সাম্প্রতিক অস্ট্রেলিয়ার পার্থ সফরের সময়ে এক অনুষ্ঠানে সেখানকার মেয়র লিসা স্কাফিদির সঙ্গে তার দেখা হয়। প্রধানমন্ত্রী সে সময় স্কাফিদিকে বলেন, 'আশা করছি আমরাও প্রথমবারের মতো একজন নারী মেয়র পাব'। প্রধানমন্ত্রী রোববার রাতে পার্থ থেকে দেশে ফেরেন। এদিকে, রোববারই আইভীকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, ওই নির্বাচনে দল থেকে কাউকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়া হয়নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে শামীম ওসমান দলীয় প্রার্থী হিসেবে তুলে ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা প্রচার চালিয়ে এলেও নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ নিয়ে মুখ খোলেন আশরাফ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রথম মেয়র নির্বাচনে ১৮০০৪৮ ভোট পেয়ে বিজয়ী হন আইভী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান পান ৭৮৭০৫ ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২০৫ ঘ.