২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সুষ্ঠু, ছোট বোনকে অভিনন্দন: শামীম

কারচুপির অভিযোগ তুলে নিয়ে বিজয়ী সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জের নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী শামীম ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারচুপির অভিযোগ তুলে নিয়ে বিজয়ী সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জের নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী শামীম ওসমান। আওয়ামী লীগ নেতা শামীম সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "নির্বাচন সুষ্ঠু হয়েছে। আইভীকে উষ্ণ অভিনন্দন। বড় ভাই হিসেবে সব সময় তার পাশে থাকবো।" ভোটের ফলাফল ঘোষণার পর এটাই শামীমের প্রথম বক্তব্য। নারায়ণগঞ্জের উন্নয়নে নতুন মেয়র আইভীকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এর ঘণ্টাখানেক আগেই আইভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী শামীম ও তৈমুর আলম খন্দকারকে সঙ্গে নিয়েই কাজ করতে চান। ভোট চলাকালে অনিয়মের অভিযোগ তুললেও সোমবার শহরের চাষাঢ়ায় নিজের বাড়ি হীরা মহলে সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য শামীম বলেন, "সব অভিযোগ প্রত্যাহার করে নিলাম।" রোববার দুপুরে শামীম বলেছিলেন, কারচুপি করে তাকে হারানো হচ্ছে। আর তাতে তার দলেরই কোনো অংশের সমর্থন রয়েছে। সংবাদ সম্মেলনে ধবধবে সাদা পাঞ্জাবি পরা শামীমকে ক্লান্ত ও বিমর্ষ দেখালেও নিজেকে হাসিখুশিভাবে তুলে ধরার চেষ্টা করছিলেন তিনি। শামীম বলেন, "নির্বাচনের দিন পুলিশের বিরুদ্ধেসহ বিভিন্ন অভিযোগ তুলে কথা বলেছিলাম। ওগুলো সঠিক ছিলো না। অভিযোগগুলো প্রত্যাহার করছি।" তাৎক্ষণিকভাবে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে শুনেই তিনি ওই অভিযোগগুলো করেছিলেন জানিয়ে তিনি বলেন, "আমি তখন সেগুলো যাচাই করে দেখিনি।" পরাজয়ের মধ্য দিয়ে অনেক কিছু শেখার আছে- এ মন্তব্য করে নারায়ণগঞ্জ তোলারাম কলেজ ছাত্র সংসদের ভিপি শামীম বলেন, "যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ। আমি রাজনীতিতে ছিলাম, আছি এবং থাকবো।" "নির্বাচনে জয়ী হতে পারিনি, এটা সত্য। তবে এর চেয়ে বড় সত্য হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমার দল জয়ী হয়েছে। কারণ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলে অনেকে আশঙ্কা করেছিলেন," বলেন তিনি। নারায়ণগঞ্জে সেনা মোতায়েন না হওয়ায় শেষ মুহূর্তে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলেও দাবি করে আসছে বিএনপি। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম বলেন, "উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। গণতান্ত্রিক রায় প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে অনেকের কল্পনাকে কল্পনার চেয়েও সুন্দরে প্রমাণ করা যায়।" নতুন মেয়র আইভী তার নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়ন করতে পারবেন বলে আশাবাদী শামীম। "আইভী আমারও মেয়র। তার কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই হাত বাড়াবো। আইভী চাক আর নাই চাক, যতটুকু সাহায্য-সহানুভুতি দরকার আমার পক্ষ থেকে তা থাকবে," বলেন তিনি। নির্বাচনের প্রসঙ্গ টেনে শামীম বলেন, "কিছু দুঃখ-কষ্ট, কিছু প্রমাণ, কিছু দলিল আছে, যা তুলে ধরলে বিতর্কের সৃষ্টি হবে।" কী দলিল রয়েছে- জানতে চাইলে তিনি হাসতে হাসতে বলেন, "পুকুর পাড়ে ওজু করতে গিয়েছিলাম। ওগুলো পানিতে পড়ে গেছে। থাক না এসব বিষয়।" নিজের আচরণে অন্য প্রার্থীরা কষ্ট পেলে সে জন্য দুঃখ প্রকাশ করেন শামীম। "ভবিষ্যতে নির্বাচন করি আর নাই করি, এর চেয়ে বড় কথা সব মানুষের মন জয় করার চেষ্টা করবো।" বিনয়ী কণ্ঠে তিনি বলেন, "ব্যক্তিগত জীবনে আমার সঙ্গে কারো বিরোধ নেই। তবে রাজনীতি করতে গিয়ে অনেকের সঙ্গেই আমার ক্ল্যাশ হয়েছে। আমার কথায় কেউ দুঃখ-কষ্ট পেয়ে থাকলে আমি স্যরি।" গণমাধ্যমের সমালোচনা করে শামীম বলেন, "আমাকে সন্ত্রাসী ব্যাখ্যা দিতে গিয়ে অনেকেই পুরো নারায়ণগঞ্জবাসীকে সন্ত্রাসী বানিয়েছিলেন। কিন্তু নারায়ণগঞ্জবাসী সন্ত্রাসী নয়। নারায়ণগঞ্জকে অনেকে সন্ত্রাসীদের জনপদ বললেও ভবিষ্যতে নারায়ণগঞ্জকে শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।" নির্বাচিত না হতে পারলেও নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে সাবেক এ সংসদ সদস্য বলেন, "আমার যে স্বপ্ন তা পূরণ করা হবে। আমার বাবা-দাদার কবর এই নারায়ণগঞ্জে। আমার কবরও এই শহরেই হবে। নারায়ণগঞ্জের উন্নয়নের সবাই মিলে কাজ করতে চাই।" এক লাখের বেশি ভোটে এই হার পরবর্তী রাজনৈতিক জীবনে প্রভাব ফেলবে কি না- জানতে চাওয়া হলে শামীম বলেন, "পলিটিক্স ঢেউয়ের মতো। কখনো বাড়বে, কখনো কমবে।" সংবাদ সম্মেলনে শামীমের সঙ্গে ছিলেন ঘাতক-দালাল নির্মূল কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক চন্দন শীল, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজেদ আলী খোকন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসআই/এমআই/১৮৩৪ ঘ.