২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'আইভীর বিজয়ের নেপথ্যে বিএনপি'

তৈমুর আলম খন্দকার নির্বাচন বর্জন করায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে 'গডফাদারের' পরাজয় হয়েছে- এ দাবি করলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 08:57 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈমুর আলম খন্দকার নির্বাচন বর্জন করায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে 'গডফাদারের' পরাজয় হয়েছে- এ দাবি করলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, "বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় এ নির্বাচন জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে। ফলে ভোটে সন্ত্রাসের গডফাদারকে তারা প্রত্যাখ্যান করেছে।" রোববারের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে ১ লাখ ১ হাজার ৩৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই নির্বাচনকে 'একদলীয়' অভিহিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, "সেনা মোতায়েন না করে এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিন দিয়ে আগামীতেও এভাবে নির্বাচন হলে তাতে বিএনপি অংশ নেবে না।" সেনা মোতায়েন না হওয়ায় ভোট শুরুর ৭ ঘণ্টা আগে কেন্দ্র থেকে নির্বাচন বয়কটের ঘোষণা দেয় বিএনপি। পরে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে সরে দাঁড়ান তৈমুর আলম খন্দকার। দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে লেবার পার্টির উদ্যোগে 'নারায়ণগঞ্জের নির্বাচন : প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন গয়েশ্বর। তিনি বলেন, "সরকার ও নির্বাচন কমিশন যদি নারায়ণগঞ্জের উদাহরণ আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তারা দুঃস্বপ্ন দেখছে। ওই নির্বাচন হবে অনিশ্চিত।" তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে আগামীতে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না, হুঁশিয়ার করেন তিনি। নারায়ণগঞ্জ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, "একদলীয় এ নির্বাচনে জনগণ গডফাদারকে প্রত্যাখান করেছে। আমাদের দল থেকে এরকম কেউ যদি মনোনয়ন পান, তাও শুভ হবে না।" সভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক বলেন, এ নির্বাচনে দুটি ইস্যু ছিলো- একটি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও অন্যটি সেনা মোতায়েন। "বিরোধী দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছিলো- আমরা ইভিএম চাই না। সেনা মোতায়েন করতে হবে। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন তার কোনোটি মানেনি।" সভায় আলোচনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, লেবার পার্টির মহানগর সমন্বয়কারী আহসান উল্লাহ শামীম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মেহেদি, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৪৫০ ঘ.