২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইভীকে অভিনন্দন আশরাফের

নারায়ণগঞ্জে নির্বাচনে বিজয়ী সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলছেন, ওই নির্বাচনে দল থেকে কাউকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 08:21 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে নির্বাচনে বিজয়ী সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলছেন, ওই নির্বাচনে দল থেকে কাউকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়া হয়নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে শামীম ওসমান দলীয় প্রার্থী হিসেবে তুলে ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা প্রচার চালিয়ে এলেও নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ নিয়ে মুখ খুললেন আশরাফ। রোববার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলীয় কোনো আনুষ্ঠানিক প্রস্তাবের মাধ্যমে তাকে (শামীম) সমর্থন দেওয়া হয়নি। আমার জানা মতে, সমর্থন দিতে দলের মনোনয়ন বোর্ডের কোনো সভা হয়নি।" নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রথম মেয়র নির্বাচনে ১৮০০৭৮ ভোট পেয়ে বিজয়ী হন আইভী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ 'সমর্থিত' প্রার্থী শামীম ওসমান পান ৭৮৭০৫ ভোট। আইভী ও শামীমের একজনকে সমর্থন দেওয়া নিয়ে কয়েকদিনের দলীয় টানাপড়েনের গত ১৩ অক্টোবর আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ গিয়ে শামীমকে সমর্থনের কথা জানান। এর পাঁচদিন পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে শামীম ওসমানকে। আইভীকে অভিনন্দন জানিয়ে আশরাফ বলেন, "আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আইভীর পক্ষে কাজ করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/এমআই/১৪১৭ ঘ.