২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা ছাড়াও সুষ্ঠু নির্বাচন সম্ভব: আশরাফ

নারায়ণগঞ্জ নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হলো সেনাবাহিনী ছাড়াও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 07:16 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হলো সেনাবাহিনী ছাড়াও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। রোববার রাতে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ নির্বাচনে আমাদের মূল বিষয় ছিল সুষ্ঠু-অবাধ নির্বাচন ও ইভিএম।" "নির্বাচন ও ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে অনেকে অপপ্রচার চালিয়েছে," উল্লেখ করে তিনি বলেন, "এর মধ্য দিয়ে প্রমাণ হলো মানুষ সজাগ থাকলে কোনো শক্তি ভোটের রায় কেড়ে নিতে পারে না।" আশরাফ বলেন, তিনি বিজয়ী প্রার্থীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, "তার দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়নে সরকার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সহায়তা করবে।" নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রথম মেয়র নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ১৬৩টি ভোটকেন্দ্রে তিনি পান ১৮০০৪৮ ভোট। নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান পান ৭৮৭০৫ ভোট। এ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিলো ১৬৩টি। এর মধ্যে ৫৮টি কেন্দ্রে ইভিএম ব্যবহার হয়। প্রসঙ্গ শামীম ওসমান শামীম ওসমানকে আওয়ামী লীগের দলীয় সমর্থন দেওয়া প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, "দলীয় কোনো আনুষ্ঠানিক প্রস্তাবের মাধ্যমে তাকে সমর্থন দেওয়া হয়নি।" "আমার জানা মতে, সমর্থন দিতে দলের মনোনয়ন বোর্ডের কোনো সভা হয়নি," যোগ করেন তিনি। আইভী ও শামীমের একজনকে সমর্থন দেওয়া নিয়ে কয়েকদিনের দলীয় টানাপড়েনের গত ১৩ অক্টোবর আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ গিয়ে শামীমকে সমর্থনের কথা জানান। এর পাঁচদিন পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে শামীম ওসমানকে। রোববার দলটির সাধারণ সম্পাদক আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আইভীর পক্ষে কাজ করেছেন।" এদিকে আইভী ও বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের দাবির পর নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সেনা মোতায়েনে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিলেও শেষ পর্যন্ত সেখানে সেনা মোতায়েন হয়নি। এ পরিস্থিতিতে ভোটগ্রহণের মাত্র সাত ঘণ্টা আগে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি। শনিবার মধ্যরাতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রার্থী তৈমুর আলম খন্দকারকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার ঘোষণার পাশাপাশি নির্বাচন কমিশনকে 'মেরুদণ্ডহীন' অভিহিত করে এর পদত্যাগও দাবি করে বিএনপি। এ প্রসঙ্গে সৈয়দ আশরাফ রোববার প্রশ্ন তোলেন, "নির্বাচন কমিশন পদত্যাগ করবে কেন?" শনিবার রাতেই কেন্দ্রের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তৈমুর আলম। তবে ওই সময়ে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে নির্বাচন কমিশন বলেছে, তৈমুর প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০১১২ ঘ.