নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়র নির্বাচনের ফলাফল পক্ষে এলেও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন সমন্বয়ক।
সমন্বয়ক আনোয়ার হোসেন রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের হাতে ৪৪টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল এসেছে।
তিনি বলেন, "এসব কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ৫০২৫২ ভোট। অন্যদিকে কেন্দ্রগুলোয় শামীম ওসমান পেয়েছেন ১০৮৪৭ ভোট।"
এ সময় আনোয়ার বলেন, "আমরা বিপুল ভোটে এগিয়ে আছি। আপনারা শান্ত থাকুন।"
রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১৫৪৭৩ ভোট। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান পেয়েছেন ২৪৭০ ভোট।
এ ১২ কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৩১২ ভোট।
আনারস প্রতীকে নির্বাচনে থাকা বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর ভোটগ্রহণের মাত্র সাত ঘণ্টা আগে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তবে নির্বাচন কমিশন বলেছে, তৈমুর প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এএইচ/এনআইএইচ/পিসি/পিডি/১৯৩০ ঘ.
bdnews24