ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা মোতায়েন না হওয়ার কথা তুলে বিএনপি নারায়ণগঞ্জের ভোট বর্জন করলেও পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, হারের শঙ্কাই বিরোধী দলের সরে দাঁড়ানোর কারণ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে রোববার ঢাকায় আওয়ামী লীগ নেতা হাছান বলেন, "গতকাল তারা বুঝতে পেরেছে যে তারা শুধু হারবে, তাই নয় বরং বিপুল ভোটের ব্যবধানে তৃতীয় কিংবা চতুর্থ স্থানে থাকবে। তাই শেষ মুহূর্তে রাতের আঁধারে তারা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।"
নারায়ণগঞ্জে ভোটগ্রহণ শুরুর সাত ঘণ্টা আগে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর আগে বিএনপি এ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
শেষ মুহূর্তে বিএনপির এ সিদ্ধান্তকে 'অপ্রত্যাশিত' উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেছেন, "গণতন্ত্রে জয়-পরাজয় হবেই। জনতার রায় মেনে নেওয়ার মানসিকতা আমাদের সবারই থাকা উচিত।"
দেশপ্রেমিক গণতান্ত্রিক জোটের উদ্যোগে যুদ্ধাপরাধী এবং দুর্র্নীতিবাজদের আশু বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
হাছান বলেন, "বিএনপি গণতন্ত্র কিংবা জনমতের প্রতি শ্রদ্ধাশীল নয়। যদি তাই হতো, তাহলে তারা সংসদে আসতেন। জনগণের সমস্যা সঙ্কট নিয়ে কথা বলতেন। তা না করে তারা রোডমার্চের নামে দামী গাড়ির রোড শো করেছেন। জনগণের দারিদ্র্যকে উপহাস করেছেন।"
দেশের মানুষ 'সুখে' আছে দাবি করে তিনি বলেছেন, "দেশকে প্রকৃত অর্থে উন্নত করতে হলে পুনরায় মহাজোট সরকারকে ক্ষমতায় আসতে হবে। আগামী নির্বাচনে জনগণ মহাজোটের পক্ষেই রায় দেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৭১১ ঘ.
bdnews24