২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ ভিত্তিহীন: ছহুল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আলোচিত দুই প্রার্থীর তোলা বিভিন্ন অভিযোগ উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, এগুলো 'গুজব'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আলোচিত দুই প্রার্থীর তোলা বিভিন্ন অভিযোগ উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, এগুলো 'গুজব'। সকালে ভোট শুরুর পর পাঁচ ঘণ্টার মাথায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান নির্বাচন কমিশনারসহ আমরা নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ পর্যন্ত যা দেখলাম- ভেরি ফাইন।" এ নির্বাচনের দুই প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে এজেন্ট ও ভোট নেওয়ার বিষয়ে বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরে সেগুলোকে গুজব বলে উড়িয়ে দেন এই নির্বাচন কমিশনার। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান দুপুরে অভিযোগ করেন, পুলিশ 'জামায়াতের টাকা খেয়ে' আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) আইভীর পক্ষে কারচুপি চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। শামীম বলেন, দেওভোগ আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন ভোটার দেয়াল ঘড়িতে ভোট দেওয়ার পর দেখেন যে তার ভোট পড়েছে দোয়াত-কলমে। এ নির্বাচনে মেয়র পদের ছয় প্রার্থীর মধ্যে শামীম ওসমান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে এবং নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী দোয়াত-কলম প্রতীকে লড়ছেন। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আইভীর অভিযোগ, বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। এসব বিষয়ে ছহুল বলেন, "এগুলো প্রার্থীদের স্ট্যান্ড, এগুলো রিউমার। কিছুক্ষণ আগে আইভী মিজমিজি কেন্দ্র দখলের অভিযোগ আনেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের টিম পাঠালাম। কিন্তু কোথাও তেমন কিছু দেখলাম না।" তারপরও 'যে কোনো ধরনের' অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ইভিএম নিয়ে শামীমের অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি'র পরিচালক, অধ্যাপক লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইভিএমে এক প্রতীকের ভোট অন্য প্রতীকে যাওয়া অসম্ভব। সব কেন্দ্রেই ভালোভাবে ভোট হচ্ছে।" কোথাও কোথাও যান্ত্রিক ত্র"টি হলেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অধ্যাপক লুৎফুল কবির ইভিএম প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে নির্বাচন কমিশনকে সহায়তা দিচ্ছেন। তিনি বলেন, "আমরা ইভিএমের একটা লার্নিং প্রসেসে আছি। তবে সবকিছু ঠিক মতো চলছে।" নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম সাংবাকিদের বলেন, প্রার্থীদের কাছ থেকে মিজিমিজি, গোদনাইল, ঋষিপাড়া ও বন্দর কেন্দ্র নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ পেলেও তার সত্যতা মেলেনি। রোববার নির্ধারিত সময় সকাল ৮টায় সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইচসি/এসআই/পিসি/এনআইএইচ/জেকে/১৫৫৫ ঘ.