২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে হাত-পা বেঁধে ফেলে দেওয়া হয়েছে: শামীম

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমান বলেছেন, কারচুপি করে তাকে হারানো হচ্ছে। আর তাতে তার দলেরই কোনো অংশের সমর্থন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 10:13 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমান বলেছেন, কারচুপি করে তাকে হারানো হচ্ছে। আর তাতে তার দলেরই কোনো অংশের সমর্থন রয়েছে। রোববার ভোটগ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা আগে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে শামীম সাংবাদিকদের বলেন, "শামীমকে হারাতে ওয়ান-ইলেভেন, বিএনপি, জামায়াত সবাইকে এক হতে হয়। এখানে আইভীকে জেতাতে তাই হয়েছে। জামায়াত ফাইন্যান্স করছে, সে টাকা পেয়েছে পুলিশ।" নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য চলছে দাবি করে তিনি বলেন, "এ সব বিষয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, দলের সমর্থন না থাকলে এ চুরি করতে পারতো না।" নারায়ণগঞ্জে মেয়র পদে শামীমকে দলীয় সমর্থনের কথা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানালেও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে লড়ছেন একই দলেরই আরেক নেতা সেলিনা হায়াত আইভী। বিরোধী দল সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সরকারি দল সমর্থিত প্রার্থী হওয়ার সমস্যা তুলে ধরে শামীম বলেন, "আমাকে হাত-পা বেঁধে ফেলে দেওয়া হয়েছে। আমি না পারছি বলতে, না পারছি সইতে।" নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর ফলাফল মেনে নেবেন কি না- জানতে চাওয়া হলে সাবেক সংসদ সদস্য শামীম বলেন, "বিলিভ মি (বিশ্বাস করুন), জয়-পরাজয় যাই হোক, আমি খুশি মনে মেনে নিতাম। কিন্তু এখন মানতে কষ্ট হবে।" শামীমের দাবি, কালো টাকার কাছে পুলিশসহ সবাই 'আত্মসমর্পণ' করেছে। এর আগে দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ ক্লাব ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের বলেন, "পুলিশ কমপ্লিটলি বায়াজড, বায়াজড, বায়াজড।" সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখার পর দুপুর ১টার দিকে শহরের রাইফেলস ক্লাবে সাংবাদিককে শামীম বলেন, "গত এক ঘণ্টায় ভোটের চিত্র উল্টে গেছে। আমি কয়েকটি কেন্দ্র ঘুরে দেখলাম, পুলিশ ওপেন আইভীর পক্ষে ভোট চাচ্ছে।" তবে সকাল ৯টার দিকে ১২ নম্বর ওয়ার্ডের নারায়ণগঞ্জ বার একাডেমী কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেছিলেন, নির্বাচন সুষ্ঠুভাবেই চলছে। নির্বাচনের আগ পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পক্ষে কথা বললেও দুপুরে তিনি অভিযোগ তোলেন, ইভিএমে কারচুপি হচ্ছে। এ নির্বাচনে মেয়র পদের ছয় প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে এবং নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি আইভী দোয়াত-কলম প্রতীকে লড়ছেন। শামীমের অভিযোগগুলো উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন দুপুরের পর সাংবাদিকদের বলেন, "এগুলো প্রার্থীদের স্ট্যান্ড, এগুলো রিউমার।" ইভিএম নিয়ে শামীমের অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি'র পরিচালক, অধ্যাপক লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইভিএমে এক প্রতীকের ভোট অন্য প্রতীকে যাওয়া অসম্ভব। সব কেন্দ্রেই ভালোভাবে ভোট হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১৫৫৫ ঘ.