২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ভোট শেষ

আলোচিত দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ। সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টায় নির্ধারিত সময়েই ভোট গ্রহণ শেষ হয়েছে। এর পরপরই শুরু হয়েছে ভোট গণনা। ভোট গণনা শেষে রাতে নারায়ণগঞ্জ শহরের শহীদ জিয়া হলে রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা করা হবে। এ কারণে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার নির্ধারিত সময় সকাল ৮টায় নবগঠিত এ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে। নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের ধারণা, সারাদিনে গড়ে ৬০ শতাংশের মতো ভোট পড়ে থাকতে পারে। ফরহাদ হোসেন বলেন, "নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি।" রাত ১১টার মধ্যে অধিকাংশ কেন্দ্রের ভোটের ফল ঘোষণা করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পাঁচ শতাধিক সদস্যকে নিয়ন্ত্রণ কক্ষের নিরাপত্তায় রাখা হবে। এ নির্বাচনে মেয়র পদের ছয় প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান ৯টার দিকে নারায়ণগঞ্জ বার একাডেমী সেন্টারে এবং আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তবে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার কেন্দ্রে যাননি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল। বাকি তিন মেয়র পদপ্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী সপুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে এবং আরেক নির্দলীয় প্রার্থী আতিকুল ইসলাম জীবন তল্লা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। আলোচনায় থাকা দুই প্রার্থীর মধ্যে শামীম ওসমান সকালে 'নির্বাচন সুষ্ঠু হচ্ছে' বললেও দুপুরে অভিযোগ করেন, পুলিশ 'জামায়াতের টাকা খেয়ে' আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করছে। নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য চলছে দাবি করে তিনি বলেন, "এ সব বিষয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, দলের সমর্থন না থাকলে এ চুরি করতে পারতো না।" ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) আইভীর পক্ষে কারচুপি চলছে- এমন অভিযোগ করে শামীম বলেন, দেওভোগ আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন ভোটার দেয়াল ঘড়িতে ভোট দেওয়ার পর দেখেন যে তার ভোট পড়েছে দোয়াত-কলমে। এ নির্বাচনে শামীম দেয়াল ঘড়ি এবং নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী দোয়াত-কলম প্রতীকে লড়েন। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আইভীর অভিযোগ, বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। এই দুই প্রার্থীর তোলা বিভিন্ন অভিযোগ উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, এগুলো 'গুজব'। "এগুলো প্রার্থীদের স্ট্যান্ড, এগুলো রিউমার। কিছুক্ষণ আগে আইভী মিজমিজি কেন্দ্র দখলের অভিযোগ আনেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের টিম পাঠালাম। কিন্তু কোথাও তেমন কিছু দেখলাম না", বলেন তিনি। তারপরও 'যে কোনো ধরনের' অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ নির্বাচনে মেয়র পদে ছয় প্রার্থী ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন ব্যবস্থাপনায় নিয়োজিত আছেন ৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ প্রায় সাড়ে তিন হাজার নির্বাচন কর্মকর্তা। দেশে দ্বিতীয় বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হয় এ নির্বাচনে। ৯টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রের ৪৫০টি বুথে একটি করে ইভিএম ব্যবহার করা হয়। ভোটের সময় কয়েকটি ইভিএমে জটিলতা দেখা দিলেও পরে তা ঠিক করা হয় বলে নির্বাচনী কর্মকর্তারা জানান। এছাড়া ক্লোজড সার্কিট ক্যামেরা দিয়ে ২০টি কেন্দ্রের ভোটগ্রহণও পর্যাবেক্ষণ করে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর আট হাজারেরও বেশি সদস্য এই নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এর মধ্যে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের চার হাজার, আনসার ও ভিডিপি সদস্য আড়াই হাজার, কোস্ট গার্ডের একশ এবং এক হাজার চারশ' র‌্যাব সদস্য রয়েছেন। এছাড়া দেশি ১৮টি এবং বিদেশি আটটি পর্যবেক্ষক সংস্থার হাজার খানেক পর্যবেক্ষক এ নির্বাচন পর্যবেক্ষণ করেন। সংবাদ সংগ্রহের দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনের আটশ'রও বেশি সাংবাদিক ও সংবাদকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/এসআই/এনআইএইচ/জেকে/১৭০৩ ঘ.