২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ শামীমের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শুরুতে সব 'সুষ্ঠুভাবে' চলার কথা বললেও দুপুরে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 09:23 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শুরুতে সব 'সুষ্ঠুভাবে' চলার কথা বললেও দুপুরে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান। দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ ক্লাব ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ কমপ্লিটলি বায়াজড, বায়াজড, বায়াজড।" পুলিশ 'জামায়াতের টাকা খেয়ে' আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন সাবেক সাংসদ শামীম। তার সমর্থকরা বেলা ২টার দিকে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে রনি নামের এক যুবককে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আটক করে। তাদের হট্টগোলে সেখানে ভিড় জমে যায়। পরে শামীম ওসমান নিজে গিয়ে ওই যুবককে র‌্যাবের হাতে তুলে দেন। সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখার পর দুপুর ১টার দিকে শহরের রাইফেলস ক্লাবে কয়েকজন সাংবাদিককে শামীম বলেন, "গত এক ঘণ্টায় ভোটের চিত্র উল্টে গেছে। আমি কয়েকটি কেন্দ্র ঘুরে দেখলাম, পুলিশ ওপেন আইভীর পক্ষে ভোট চাচ্ছে।" তবে সকাল ৯টার দিকে ১২ নম্বর ওয়ার্ডের নারায়ণগঞ্জ বার একাডেমী কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেছিলেন, নির্বাচন সুষ্ঠুভাবেই চলছে। নির্বাচনের আগ পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পক্ষে কথা বললেও দুপুরে তিনি অভিযোগ তোলেন, ইভিএমে কারচুপি হচ্ছে। সাংবাদিকদের শামীম বলেন, দেওভোগ আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন ভোটার দেয়াল ঘড়িতে ভোট দেওয়ার পর দেখেন যে তার ভোট পড়েছে দোয়াত-কলমে। এ নির্বাচনে মেয়র পদের ছয় প্রার্থীর মধ্যে শামীম ওসমান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে এবং নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী দোয়াত-কলম প্রতীকে লড়ছেন। এদিকে শামীমের অভিযোগ উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, "এগুলো প্রার্থীদের স্ট্যান্ড, এগুলো রিউমার।" তারপরও 'যে কোনো ধরনের' অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ইভিএম নিয়ে শামীমের অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি'র পরিচালক, অধ্যাপক লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইভিএমে এক প্রতীকের ভোট অন্য প্রতীকে যাওয়া অসম্ভব। সব কেন্দ্রেই ভালোভাবে ভোট হচ্ছে।" জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আটক রনির বিষয়ে জানতে চাইলে র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা আমাদের হাতে তুলে দিয়েছেন, আমরা নিয়ে যাচ্ছি। তবে তথ্য-উপাত্ত ছাড়া এসব অভিযোগ প্রমাণ করা যায় না। আমরা বিষয়টি দেখবো।" রোববার নির্ধারিত সময় সকাল ৮টায় সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/১৫১৯ ঘ.