২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬০ শতাংশ ভোট পড়তে পারে: ইসি

সকাল থেকে বেলা একটা পর্যন্ত ৫ ঘণ্টার ভোটের চিত্র পর্যবেক্ষণ করে একজন নির্বাচন কমিশনার ধারণা করছেন, দিন শেষে গড়ে ৬০ শতাংশ ভোট পড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 08:40 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকাল থেকে বেলা একটা পর্যন্ত ৫ ঘণ্টার ভোটের চিত্র পর্যবেক্ষণ করে একজন নির্বাচন কমিশনার ধারণা করছেন, দিন শেষে গড়ে ৬০ শতাংশ ভোট পড়তে পারে। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বেলা দেড়টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান নির্বাচন কমিশনারসহ আমরা নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ পর্যন্ত যা দেখলাম- ভেরি ফাইন।" দুপুর ১টা পর্যন্ত ৫০ শতাংশের মতো ভোট পড়েছে উল্লেখ করে এই কমিশনার বলেন, "সুষ্ঠুভাবে নির্বাচন চলছে। সকাল থেকেই ভোটের উপস্থিতি বাড়তে থাকে। আইন-শৃঙ্খলা বাহিনীও ভালোভাবে কাজ করছে।" দুপুরে খাবারের সময়ে উপস্থিতি কিছুটা কমে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, "শেষ পর্যন্ত ভোট পড়ার হার ৬০ শতাংশে উন্নীত হতে পারে। এমন হলে ভালোই বলবো আমরা।" অভিযোগগুলো 'রিউমার' এ নির্বাচনের দুই প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে এজেন্ট ও ভোট নেওয়ার বিষয়ে বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরে সেগুলোকে গুজব বলে উড়িয়ে দেন এই নির্বাচন কমিশনার। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান ইতোধ্যে অভিযোগ করেছেন, ইভিএম রয়েছে এমন একটি কেন্দ্রের একটি কক্ষে দেয়াল ঘড়ির ভোট দোয়াত-কলমে চলে গেছে। পুলিশ আইভীর পক্ষে প্রকাশ্যে ভোট চাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আইভীর অভিযোগ, বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব বিষয়ে ছহুল বলেন, "এগুলো প্রার্থীদের স্ট্যান্ড, এগুলো রিউমার। কিছুক্ষণ আগে আইভী মিজমিজি কেন্দ্র দখলের অভিযোগ আনেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের টিম পাঠালাম। কিন্তু কোথাও তেমন কিছু দেখলাম না।" তারপরও 'যে কোনো ধরনের' অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। শামীমের অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি'র পরিচালক, অধ্যাপক লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইভিএমে এক প্রতীকের ভোট অন্য প্রতীকে যাওয়া অসম্ভব। সব কেন্দ্রেই ভালোভাবে ভোট হচ্ছে।" কোথাও কোথাও যান্ত্রিক ত্র"টি হলেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অধ্যাপক লুৎফুল কবির ইভিএম প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে নির্বাচন কমিশনকে সহায়তা দিচ্ছেন। তিনি বলেন, "আমরা ইভিএমের একটা লার্নিং প্রসেসে আছি। তবে সবকিছু ঠিক মতো চলছে।" নারায়ণগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম সাংবাকিদের বলেন, প্রার্থীদের কাছ থেকে মিজিমিজি, গোদনাইল, ঋষিপাড়া ও বন্দর কেন্দ্র নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ পেলেও তার সত্যতা মেলেনি। রোববার নির্ধারিত সময় সকাল ৮টায় সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইচসি/এসআই/পিসি/এনআইএইচ/জেকে/১৪২৩ ঘ.