২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সেনা মোতায়েন না হওয়ায় রিট আবেদন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনে সরকারের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 08:37 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনে সরকারের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। রোববার নারায়ণগঞ্জে ভোটগ্রহণ চলাকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সেকশনে আবেদনটি করে অবকাশকালীন একটি বেঞ্চে তা শুনানির জন্য উত্থাপন করা হয়। তবে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি একেএম জহিরুল হকের ওই বেঞ্চ বলে, নির্বাচন তো ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তাই আমরা এখন নির্বাচনে হস্তক্ষেপ করতে চাই না। এ সময় আদালত অবকাশ শেষে সুপ্রিম কোর্টের নিয়মিত বেঞ্চে বিষয়টি তুলে ধরতে বলেন। অ্যাডভোকেট রেদওয়ান আহমেদ, অ্যাডভোকেট রেদওয়ান-ই-খুদা ও জাভেদ ইসলাম রিট আবেদনটি দায়ের করেন। এতে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, নির্বাচন কমিশনসহ ছয় জনকে বিবাদি করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিলেও তাতে সাড়া পায়নি। সেনা মোতায়েন না হওয়ার পর বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। রিট আবেদনে বলা হয়, সংবিধানের ১২০, ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের প্রতিটি বিভাগ নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহায়তা করতে বাধ্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশন সেনা মোতায়েন চেয়েছিলো। তারপরও করা হয়নি। সংবিধান সমুন্নত রাখতে ভবিষ্যতে নির্বাচন কমিশনের ইচ্ছা অনুযায়ী সব ধরনের সহায়তা যেন ইসিকে করা হয়, আবেদনে সে বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪২৩ ঘ.