২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ আইভীর পক্ষে ভোট চাচ্ছে: শামীম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শুরুতে সব 'সুষ্ঠুভাবে' চললেও দুপুরে দিকে পরিস্থিতি 'পাল্টে গেছে' বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 08:01 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শুরুতে সব 'সুষ্ঠুভাবে' চললেও দুপুরে দিকে পরিস্থিতি 'পাল্টে গেছে' বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান। দুপুর ১টার দিকে শহরের রাইফেলস ক্লাবে তিনি কয়েকজন সাংবাদিককে বলেন, "গত এক ঘণ্টায় ভোটের চিত্র উল্টে গেছে। আমি কয়েকটি কেন্দ্র ঘুরে দেখলাম, পুলিশ ওপেন আইভীর পক্ষে ভোট চাচ্ছে।" এর আগে সকাল ৯টার দিকে ১২ নম্বর ওয়ার্ডের নারায়ণগঞ্জ বার একাডেমী কেন্দ্রে ভোট দিয়ে সাবেক সাংসদ শামীম সাংবাদিকদের বলেন, নির্বাচন সুষ্ঠুভাবেই চলছে। ফল পক্ষে না গেলে মেনে নেবেন কি-না এমন প্রশ্নের জবাবে তখন তিনি বলেন, "মেনে না নিয়ে উপায় আছে? আল্লাহর যা হুকুম হবে, তা তো মানতেই হবে।" এরপর চাষাড়া ও বন্দর এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দুপুর ১টার দিকে রাইফেলস ক্লাবে আসেন এই আওয়ামী লীগ নেতা। সাংবাদিকদের তিনি বলেন, দেওভোগ আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন ভোটার দেয়াল ঘড়িতে ভোট দেওয়ার পর দেখেন যে তার ভোট পড়েছে দোয়াত-কলমে। "বিষয়টি তিনি কেন্দ্র কর্তৃপক্ষকেও জানিয়েছেন," বলেন শামীম। এ নির্বাচনে মেয়র পদের ছয় প্রার্থীর মধ্যে শামীম ওসমান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে এবং নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী দোয়াত-কলম প্রতীকে লড়ছেন। সেনা মোতয়েন না হওয়ায় ভোট শুরুর মাত্র ৭ ঘণ্টা আগে শনিবার মধ্যরাতে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সকালে বার একাডেমী কেন্দ্রে শামীম সাংবাদিকদের বলেন, বিএনপির প্রার্থী জামায়াতের বুদ্ধির কাছে পরাজিত হয়েছে। "মৃত্যুর আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েও জীবিত অবস্থাতেই তার দাফন কাফন হয়ে গেছে", বলেন শামীম। রোববার নির্ধারিত সময় সকাল ৮টায় সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/১৩৪০ ঘ.