নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে একটি কেন্দ্রে সরকার সমর্থক প্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছেন নির্বাচন পর্যবেক্ষক সালমা আলী। অন্য একটি কেন্দ্রে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধেও একই অভিযোগ এসেছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১৬৩টি কেন্দ্রে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে।
দুপুর ১২টার দিকে ৬ নম্বর ওয়ার্ডে সিদ্ধিরগঞ্জ সফুরা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার সময় শামীমের বিরুদ্ধে অভিযোগ তোলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির নেতা সালমা আলী।
তিনি সাংবাদিকদের বলেন, "এখানে শামীম ওসমানকে ভোটারদের প্রভাবিত করতে দেখা গেছে।"
সালমা আলী এ কথা বলার সময় শামীম ছিলেন কেন্দ্রের ভেতরে। ভেতরে তাকে পর্যবেক্ষকের এ অভিযোগের কথা জানানো হলে তিনি সরাসরি তা নাকচ করেন।
শামীম সাংবাদিকদের বলেন, "অভিযোগ থাকলে আমার সামনে এসে বলুক।" ওই সময় তার কয়েকজন সঙ্গী উচ্চ কণ্ঠে বলেন, কে অভিযোগ করে, এত বড় সাহস!
এ বিষয়টি নিয়ে শামীমকে আরো প্রশ্ন করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, "আপনাদের সঙ্গে অযথা কথা বলে লাভ নেই।"
নতুন এ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শামীম লড়ছেন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে। তার মূল প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর প্রতীক দোয়াত কলম। বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
আইভী অভিযোগ করেছেন, কয়েকটি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কয়েকজন প্রতিবেদক কয়েকটি কেন্দ্র ঘুরে আইভীর কোনো পোলিং এজেন্ট দেখেননি।
১৩ নম্বর ওয়ার্ডে নারায়ণগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের মাত্র একটি বুথে আইভীর এজেন্ট দেখা গেছে। ছয়টি বুথে তার পোলিং এজেন্ট পাওয়া যায়নি।
কয়েকজন ভোটার অভিযোগ করেছেন, জাতীয় পার্টির স্থানীয় নেতারা ভোটারদের প্রভাবিত করেছেন। শামীমের ভাই জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের নির্বাচনী এলাকা এটি।
ওই কেন্দ্রের সামনে দুপুর ১টার দিকে শহর জাতীয় পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকাকে কয়েকজন সঙ্গীসহ দেখা যায়।
ভোটারদের অভিযোগ জানালে খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কারো ওপর কেউ প্রভাব খাটাচ্ছে না।"
আইভীর পোলিং এজেন্ট না থাকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "সেটা তারাই (আইভী সমর্থক) বলতে পারবে কেন নেই। আমরা কাউকে বাধা দিইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১৩১৫ ঘ.
bdnews24