২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইভী 'শতভাগ' আশাবাদী

নির্বাচনে বিজয়ী হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হওয়ার ব্যাপারে 'শতভাগ' আশাবাদী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 07:08 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে বিজয়ী হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হওয়ার ব্যাপারে 'শতভাগ' আশাবাদী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। রোববার সকাল ৯টার দিকে শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর নারায়ণগঞ্জের এই সাবেক পৌর মেয়র সাংবাদিকদের বলেন, "আমি হান্ড্রেট পার্সেন্ট আশাবাদী। জনগণ আমার পক্ষে সাড়া দিয়েছে। জয় হবেই।" সকালে বাসা থেকে বেরিয়ে প্রথমে বাবার কবর জিয়ারত করেন আইভী। তারপর তিনি ভোটকেন্দ্রে গিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট দেন। কেন্দ্র থেকে বেরিয়ে এসে নতুন এ পদ্ধতি সম্পর্কে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহ সভাপতি আইভী বলেন, "ভালো লাগছে, ইজি পদ্ধতি।" "তবে সফটঅয়্যার নিয়ে কোনো সমস্যা আছে কি না- সে বিষয়টা আমি ভালো বুঝি না। অনেকে সমস্যার কথা বলে, তবে আমি এসব বিশ্বাসও করতে চাই না," যোগ করেন তিনি। এ সময় তিনি অভিযোগ অভিযোগ করেন, তোলারাম কলেজ কেন্দ্র থেকে তার নির্বাচনী এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে টেলিফোনে জানতে পেরেছেন তিনি। পরে তোলারাম কলেজ কেন্দ্রে গিয়ে আইভী বলেন, আরো কয়েকটি কেন্দ্রে তার লোকদের ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে কাউকে কাউকে। তার এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে তোলারাম কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে আমি কয়েকটি বুথে তার (আইভী) এজেন্ট দেখতে পাইনি। এরপর আমি নিজেই তাকে ফোন দিয়ে এ বিষয়ে জানতে চেয়েছি।" "আইভী আমাকে বলেছেন, তিনি সব কেন্দ্রেই এজেন্ট দিয়েছেন। কেন তারা যাননি সে বিষয়ে খোঁজ নিয়ে দেখছেন," যোগ করেন লুৎফুর। সেনা মোতয়েন না হওয়ায় ভোট শুরুর মাত্র ৭ ঘণ্টা আগে শনিবার মধ্যরাতে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারে সরে দাঁড়ানোর ঘোষণা প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইভী কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, "যেহেতু এটি তার রাজনৈতিক সিদ্ধান্ত, সেহেতু এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। এটা স্থানীয় নির্বাচন। আমি কখনোই স্থানীয় নির্বাচনে রাজনৈতিক বিষয়কে টেনে আনিনি।" ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আইভী বলেন, "সব ভয়ভীতির ঊর্ধ্বে উঠে ভোট দিতে আসুন। সরকার ও নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটগ্রহণের সব ব্যবস্থা নিয়েছে। আপনারা আসুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, ভোট দিন।" রোববার নির্ধারিত সময় সকাল ৮টায় সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৩০২ ঘ.