২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'উৎসাহ উদ্দীপনায় ভোট চলছে'

রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান বলেছেন, শেষ পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে বলেই তার বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 06:08 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা মোতায়েন না হওয়ায় মধ্যরাতে বিএনপির 'নির্বাচন বর্জনের' ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্যে ভোট চলছে নারায়ণগঞ্জে। রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান রোববার সকাল সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। শেষ পর্যন্ত এ পরিবেশ থাকবে বলেই আমার বিশ্বাস।" এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, নির্ধারিত সময় সকাল ৮টায় নবগঠিত এ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে। এ নির্বাচনে মেয়র পদের ছয় প্রার্থীর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান ৯টার দিকে নারায়ণগঞ্জ বার একাডেমী সেন্টারে এবং আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ১৬ নম্বর ওয়ার্ডের শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তবে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার কেন্দ্রে যাননি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল। ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার কথা ছিল তৈমুরের। আইভী অভিযোগ করেন, কিছু কেন্দ্রে তার লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলেই মনে করেন শামীম। বাকি তিন মেয়র পদপ্রার্থীর মধ্যে নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে এবং আরেক নির্দলীয় প্রার্থী আতিকুল ইসলাম জীবন ১১ নম্বর ওয়ার্ডের তল্লা প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়া ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী ৬ নম্বর ওয়ার্ডের সপুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে। রোববার সকালে বেশ কয়েকটি কেন্দ্র পরির্দশন করে পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান। তিনি বলেন, কোথাও কোনো গোলযোগ বা অপ্রীতিকর ঘটনার খবর তিনি পাননি। ভোট শুরুর দুই ঘণ্টা পর সকাল দশটায় নারায়ণ ক্লাব কেন্দ্রের সামনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখেছি। তারা নির্ভয়ে কেন্দ্রে এসেছেন। অনেকের সঙ্গে কথা বলে জেনেছি- তাদের ভয়ভীতি, শঙ্কা কেটে গেছে।" সেলিনা হায়াৎ আইভী অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "আমি এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে তোলারাম কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে আমি কয়েকটি বুথে তার এজেন্ট দেখতে পাইনি। এরপর আমি নিজেই তাকে ফোন দিয়ে এ বিষয়ে জানতে চেয়েছি।" আইভী রিটার্নিং কর্মকর্তাকে বলেন, "আমি সব কেন্দ্রেই এজেন্ট দিয়েছি। কিন্তু কেন যায়নি খোঁজ নিচ্ছি।" এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছয় জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ২৫০ জন। নির্বাচন ব্যবস্থাপনায় নিয়োজিত আছেন ৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ প্রায় সাড়ে তিন হাজার নির্বাচন কর্মকর্তা। দেশে দ্বিতীয় বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে এ নির্বাচনে। ৯টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রের চারশ ৫০টি বুথে একটি করে ইভিএম ব্যবহার করা হচ্ছে। এসব ওয়ার্ডের ভোটার রয়েছে এক লাখ ৪৮ হাজার ৬২৯ জন। এর আগে গত বছরের জুনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাত্র একটি ওয়ার্ডে (চট্টগ্রাম মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডে) ইভিএম ব্যবহার হয়। এছাড়া ক্লোজড সার্কিট ক্যামেরা দিয়ে ২০টি কেন্দ্রের ভোটগ্রহণ পর্যাবেক্ষণ করা হচ্ছে। তৈমুরের ভোটও গণনা হবে নিবাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার থেকে নির্বাচনী এলাকায় সেনা মোতয়েন না হওয়ায় ভোট শুরুর মাত্র ৭ ঘণ্টা আগে শনিবার মধ্যরাতে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় প্রধান বিরোধী দল বিএনপি। শনিবার রাত পৌনে ১টায় 'জরুরি' প্রেস ব্রিফিং ডেকে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, "নির্বাচনে সেনা মোতায়েন করা হয়নি। ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি দেওয়া হযেছে। এ পরিস্থিতিতে আমার নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং আমাদের প্রার্থীকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখছি।" বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন তিনি। এর পরপরই বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে জানান, নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে, 'তার' নির্দেশে নির্বাচন 'বর্জন' করছেন তিনি। "এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না", যোগ করেন এই বিএনপি নেতা। অবশ্য নির্বাচন কমিশন বলছে, এই সময়ে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অর্থহীন। "মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর কারো নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ নেই। ঘোষণা দিলেও ব্যালটে তার প্রতীক থাকবে এবং তিনি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন", বলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। এদিকে সকালে ভোট শুরুর পর কয়েকটি কেন্দ্র ঘুরে তৈমুরের কেনো পেলিং এজেন্টকে পাওয়া না গেলেও আদর্শ স্কুল কেন্দ্রে ইয়াসমিন নামে একজন নিজেকে তৈমুরের এজেন্ট হিসেবে পরিচয় দেন। প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণার পরও কেন্দ্রে তার উপস্থতি সম্পর্কে জানতে চাইলে ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের কাছে ওই ঘোষণা নিয়ে বিষ্ময় প্রকাশ করেন। 'নিরাপত্তা ব্যবস্থা' রিটানিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান সাংবাদিকদের বলেন, "বিকাল ৫টার মধ্যে সব ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল কড়া নিরাপত্তায় পৌঁছানো হয়েছে।" আট হাজারেরও বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে জানিয়ে তিনি বলেন, "এর মধ্যে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন চার হাজার, আনসার ও ভিডিপি সদস্য আড়াই হাজার, কোস্ট গার্ডের একশ সদস্য এবং এক হাজার চারশ' র‌্যাব সদস্য থাকছে।" "প্রতিটি ভোটকেন্দ্রে ২৪ জন করে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য থাকবে।", যোগ করেন লুৎফুর। নির্বাচনী এলাকার ২৭টি ওয়ার্ডের প্রতিটিতে একজন করে নির্বাহী হাকিম, নয় জন বিচারিক হাকিম, ২৭ জন ইসির পর্যবেক্ষক, ২৭টি ভ্রাম্যমাণ ভিডিও ক্যামেরা, ২০টি কেন্দ্রে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক প্রস্তুতির তথ্য তুলে ধরেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। নির্ভয়ে ভোটকেন্দ্রে আসবেন, নিরাপদে ফিরবেন। এখানে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।" র‌্যাব অনিয়ম ঠেকাতে ভোটকেন্দ্রেও থাকতে পারে বলে জানান রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর। ইসি পরিস্থিতি তদারক করবে নির্বাচন কমিশন সচিবালয়ে বসে সিসিটিভি'র মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০টি ভোটকেন্দ্র নির্বাচন কমিশন তদারক করবে বলে বলে জানান নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। দেশে নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম এনসিসি নির্বাচনে ২০টি কেন্দ্রে সিসিটিভি ব্যবহার করছে ইসি। নির্বাচন কমিশনার ছহুল বলেন, "এসব কেন্দ্রের সিসিটিভি পর্যবেক্ষণের জন্য নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলেও একটি মনিটরিং প্যানেল বসানো হয়েছে। আর সেখান থেকেই ইসি সচিবালয়ের মনিটরিং প্যানেলে সিসিটিভিতে ধারণকৃত দৃশ্য নির্বাচন কমিশনে দেখা যাবে।" একইসঙ্গে সিসিটিভি'র দৃশ্য রেকর্ড করার ব্যবস্থা থাকবে জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, "নির্বাচনে কোনো ধরনের গোলযোগ হলে পরবর্তীতে এসব ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেবে ইসি।" নারায়ণগঞ্জে ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে ইসি সচিবালয়ের কর্মকর্তাদেরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য ইসি'র যুগ্ম সচিব জেসমিন টুলিকে প্রধান করে তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সারাদিন নির্বাচনের বিভিন্ন বিষয় তদারক করবে। ভোটগ্রহণ শেষে ফল সংগ্রহের কাজও করবে এই কমিটি। পর্যবেক্ষক হাজার খানেক ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছে দেশের ১৮টি পর্যবেক্ষক সংস্থা। দেশি পর্যবেক্ষক সংস্থাগুলো হলো- খান ফাউন্ডেশন, ডেমোক্রেসি ওয়াচ, গণকল্যাণ সংস্থা (জিকেএস), মানবিক সাহায্য সংস্থা, ফেয়ার ইলেকশন মনিটরিং এজেন্সী (ফেমা), পিআরপিএসএফ, আইইডি, ব্রতী, ইনোভেশন, জানিপপ, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ডরপ, বামাশপ, হিউম্যান রাইটস, আভা ডেভলপমেন্ট সোসাইটি, হোমস্টেট সোসাইটি, পার্লামেন্ট ওয়াচ, এফ আর ফাউন্ডেশন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও স্বনির্ভর ওয়ার্ল্ড। এছাড়া আটটি আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে ইসির অনুমোদন নিয়েছে। এগুলো হলো- বাংলাদেশে সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা ও নরওয়ে দূতাবাস; ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই), ইউএস এইড ও ইউএনডিপি। সংবাদ সংগ্রহের জন্য আটশ'রও বেশি সাংবাদিক ও সংবাদকর্মী নির্বাচন কমিশনের অনুমতিপত্র নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/এসআই/জেকে/১১৫৫ ঘ.