নারায়ণগঞ্জ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণার প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) বলেছে, এখন প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই।
শনিবার রাত পৌনে ১টায় এক জরুরি প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জ নির্বাচন বয়কটের ঘোষণা দেয় বিএনপি। একইসঙ্গে তারা তাদের প্রার্থীকে [তৈমুর আলম খন্দকার] নির্বাচন থেকে বিরত রাখার ঘোষণাও দেয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে রাত ১টা ৫ মিনিটে বলেন, "এখন আর প্রার্থিতা প্রত্যাহার বা সরে যাওয়ার সুযোগ নেই।"
মনোনয়ন প্রত্যাহারের সময় গত ১২ অক্টোবর শেষ হয়েছে উল্লেখ করে এ নির্বাচন কমিশনার বলেন, "তিনি [তৈমুর আলম খন্দকার] প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।"
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, "এর আইনগত কোনো ভিত্তি নেই। কারণ এটি নির্দলীয় নির্বাচন। এ নির্বাচনে দলীয় কোনো প্রার্থী নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/০১১৫ ঘ.
bdnews24