২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

না.গঞ্জে সেনা বিষয়ে সরকারকে নোটিস

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না হওয়ার ঘটনায় 'ন্যায়বিচার' চেয়ে সরকারকে একটি নোটিস দিয়েছেন বিএনপির এক সাংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 06:00 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন চাওয়া সত্ত্বেও সেনা মোতায়েন না করায় সরকারকে 'ন্যায়বিচার' চেয়ে নোটিস দিয়েছেন বিএনপির এক সাংসদ। সাংসদ এ এম মাহবুবউদ্দিন খোকন শনিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রতিরক্ষা সচিব ও স্বরাষ্ট্র সচিব বরাবর এ নোটিস দেন। খোকনের পক্ষে আইনজীবী আহমেদ এম এইচ খানের প্যাডে লেখা এ নোটিস ফ্যাক্স, কুরিয়ার সার্ভিস ও ই-মেইলে পাঠানো হয়। নোটিসে বলা হয়, "নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচন কমিশনের কাছে সাধারণ ভোটারদের দাবি অনুযায়ী ৪ পাল্টুন সেনা সদস্য মোতায়েনের অনুরোধ জানায়। কমিশনের উপসচিব গত ১৬ অক্টোবর এ বিষয়ে সরকারের কাছে চিঠি দেন।" "ফলে সেনা মোতায়েন ছাড়া ওই নির্বাচন অনুষ্ঠান অসাংবিধানিক, অবৈধ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত"- বলা হয় নোটিসে। মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন কমিশনের চাহিদা পূরণে সহযোগিতা না করে সরকার অসাংবিধানিক কাজ করছে। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেব।" রাতে দলের কয়েকজন জ্যেষ্ঠ সদস্যসহ আইনজীবীরা গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি পাঠানো হলেও ইসি এর কোনো জবাব পায়নি। ওই নির্বাচনে সেনা মোতায়েন হবে বলে নির্বাচন কমিশন বারবার বলে এলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে সেখানে মোতায়েন র‌্যাব সদস্যের সংখ্যা দ্বিগুণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৫৬ ঘ.