নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিবার্চনে নতুন কোনো 'ষড়যন্ত্র' না হলে মেয়র পদে বিপুল ভোটে বিজয়ী হবেন বলেন মন্তব্য করেছেন শামীম ওসমান।
শনিবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, "জয়ের ব্যপারে আমি শতভাগ নিশ্চিত। নতুন কোনো ষড়যন্ত্র না হলে মেয়র হিসেবে আমি বিপুল ভোটে বিজয়ী হবো।"
এদিন আবারো জঙ্গি হামলা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আওয়ামী লীগ সমর্থিত এ মেয়র প্রার্থী বলেন, "নির্বাচনে জঙ্গি হামলা বা নাশকতার আশঙ্কা এখনো শেষ হয়নি।"
এ বক্তব্যের প্রমাণ কী- এমন প্রশ্নের জবাবে শামীম বলেন, "এখন আমাকে কি জীবন দিয়ে প্রমাণ করতে হবে জঙ্গি হামলার আশঙ্কা আছে?"
গড় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সাবেক এ সংসদ সদস্য দাবি করেন, নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন শনিবার সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। নির্বাচন সুষ্ঠু হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরও শামীম আবারো জঙ্গি নাশকতার আশঙ্কা প্রকাশ করলেন।
বিষয়টি তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা শুক্রবার বলেন, শামীম ওসমানের কথা 'ভুয়া' প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২০০১ সালে তার সমাবেশে বোমা হামলার কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, "ওই ঘটনায় ২০ জন মারা গেলেও আমি ভাগ্যক্রমে বেঁচে যাই।"
তবে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন তিনি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
নির্বাচনে মেয়র পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামীম ওসমান। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দোয়াত কলম প্রতীক নিয়ে রয়েছেন নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী এবং আনারস প্রতীকে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার।
এছাড়া গরুর গাড়ি প্রতীক নিয়ে আতিকুর রহমান নান্নু মুন্সী, হাঁস প্রতীকে শরীফ মোহাম্মদ ও তালা প্রতীকে আতিকুল ইসলাম জীবন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২০৫৫ ঘ.
bdnews24