২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'না.গঞ্জে সেনা না থাকার দায় নির্বাচন কমিশনের'

নির্বাচন কমিশনের ব্যর্থতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হয়নি বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন মহাজোটের কয়েকজন নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের ব্যর্থতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হয়নি বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন মহাজোটের কয়েকজন নেতা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন শনিবার বলেন, "সেনাবাহিনী মোতায়েনের আনুষ্ঠানিক প্রক্রিয়া নির্বাচন কমিশন সম্পন্ন করেনি। এখন সেই দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা চলছে।" নির্বাচন কমিশনারদের উদ্দেশ্য করে তিনি বলেন, "সময়মতো আপনারা প্রধানমন্ত্রী বরাবর ফাইলটা পাঠাতেই ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনাদেরকে টেলিফোন করে ফাইল পাঠাতে বলবেন না।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় বলেন, "সেনাবাহিনী ছাড়াই বর্তমান সরকারের আমলেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, তিনটি সংসদীয় আসনের উপ-নির্বাচন, পৌর নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন নিরপেক্ষতা প্রমাণ করেছে।" ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঠিকানা বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় কথা বলছিলেন তারা। আলোচনায় শিল্পমন্ত্রী এবং মহাজোটের শরীক দল সাম্যবাদী দলের দীলিপ বড়–য়া বলেন, "নির্বাচন কমিশন সরকারের প্রতিপক্ষ নয়। ওনার (সিইসি শামসুল হুদা) বক্তব্য যথাযথ হয়নি। আগামীকাল (রোববার) নির্বাচন সুষ্ঠু হবে।" প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা শুক্রবার সন্ধ্যায় সেনা মোতায়েন নিয়ে বলেছিলেন, কথা থাকলেও শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না। এ প্রসঙ্গে আহম্মদ হোসেন বলেন, "উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে লাভ হবে না। এই সব স্টান্টবাজি থেকে নির্বাচন কমিশনকে বের হয়ে আসতে হবে। শেষ মুহূর্তে আপনারা (নির্বাচন কমিশন) খালেদা জিয়ার প্রিয়ভাজন হয়ে কাজ করার চেষ্টা করছেন।" সেনা মোতায়েন ছাড়া বর্তমান আইন-শৃঙ্খলা বাহিনী দিয়েই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে- এ আশা প্রকাশ করে সতীশ চন্দ্র রায় বলেন, "সিভিল প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে যদি আগের নির্বাচনগুলো সুষ্ঠুভাবে হয়ে থাকে তাহলে নারায়ণগঞ্জে কেন হবে না ?" দিলীপ বড়–য়া বলেন, "গণতন্ত্রকে হত্যার জন্য একটা অপশক্তি স্বাধীনতার পর থেকে নানাভাবে চেষ্টা করছে। আমরা যখন দেশের স্বধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে প্রস্তুতি নিচ্ছি, তখন বিরোধী দল চক্রান্ত করতে ব্যস্ত হয়ে পড়েছে। বিরোধী দলের নেতাদের স্বাধীনতাবিরোধী বক্তব্যই তার প্রমাণ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউএম/পিডি/২০৪০ ঘ.