২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ভয়ে ভোট দিন: র‌্যাব

আর কোথাও 'এত সংখ্যক' র‌্যাব সদস্য মোতায়েন হয়নি উল্লেখ করে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকা র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর কোথাও 'এত সংখ্যক' র‌্যাব সদস্য মোতায়েন হয়নি উল্লেখ করে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকা র‌্যাব। শনিবার সন্ধ্যার দিকে নগরীর তোলারাম কলেজ মাঠে এক ব্রিফিংয়ে র‌্যাবের গণমাধ্যম ও আইনি শাখার পরিচালক এম সোহায়েল বলেন, "প্রতিটি কেন্দ্রে পোশাকে এবং সাদা পোশাকে আমাদের সদস্যরা উপস্থিত থাকবেন। কোনোভাবেই কাউকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে দেওয়া হবে না।" "যদি কেউ তা করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব।" সেনাবাহিনী মোতায়েন না হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অতিরিক্ত ৭০০সহ মোট ১৪শ' র‌্যাব সদস্য আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকছে। নির্বাচন কমিশন বলেছে, সেনা সদস্যদের অনুপস্থিতিতে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাঁচ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে। র‌্যাব গত ১ মাস ধরে নারায়ণগঞ্জে তথ্য সংগ্রহ করেছে জানিয়ে সোহায়েল বলেন, "বহিরাগত কাউকে পাওয়া গেলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। নাশকতাসহ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে র‌্যাব।" শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্র নয়, প্রতিটি কেন্দ্রই র‌্যাবের কাছে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সোহায়েল। তিনি বলেন, "আপনাদের সামনে-পেছনে, ডানে-বামে সবত্রই র‌্যাবকে দেখতে পাবেন। এখানকার মতো দেশে কোথাও এর আগে এত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়নি। আপনারা নিরাপদে ভোট দেবেন। ভয়ের কোনো কারণ নেই।" নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও ভয়-ভীতিমুক্ত করতে র‌্যাব সবধরনের প্রস্তুতি নিয়েছে জানিয়ে সোহায়েল বলেন, "নাশকতাসহ যে কোনো পরিস্থিতি মোকাবলার জন্য আমরা প্রস্তুত।" "চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ভোলার উপনির্বাচনসহ বেশ কয়েকটি নির্বাচনে র‌্যাব নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। এখানেও আমরা সেই আস্থার প্রমাণ রাখতে চাই।" ব্রিফিংয়ের আগে কলেজ মাঠসহ বিভিন্ন স্থানে মহড়া দেয় র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ও ডগ স্কোয়াড। প্রথম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। নির্বাচনে মেয়র পদে দোয়াত কলম প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী, দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে শামীম ওসমান, আনারস প্রতীক নিয়ে তৈমুর আলম খন্দকার, গরুর গাড়ি প্রতীক নিয়ে আতিকুর রহমান নান্নু মুন্সী, হাঁস প্রতীকে শরীফ মোহাম্মদ ও তালা প্রতীকে আতিকুল ইসলাম জীবন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচসি/পিডি/১৯০০ ঘ.