২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যাই ঘটুক, ভোট দিতে কেন্দ্রে যাবো'

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে নাটকীয়তায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও চূড়ান্ত লড়াইয়ের আগের দিন ভোটাররা বলেছেন- পরিস্থিতি যেমনই হোক, তারা ভোট দিতে যাবেন। জানাচ্ছেন শহীদুল ইসলাম ও আশিক হোসেন। শহীদুল ইসলাম ও আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

শহীদুল ইসলাম ও আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে নাটকীয়তায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও চূড়ান্ত লড়াইয়ের আগের দিন ভোটাররা বলেছেন- পরিস্থিতি যেমনই হোক, তারা ভোট দিতে যাবেন। নবগঠিত এ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের ভোটার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবশ্যই ভোট দিতে যাব। তবে সেনা মোতায়েন না হওয়ায় নির্বাচন নিরপেক্ষ হবে কি না- তা বলা যাচ্ছে না।" বন্দর এলাকার বাসিন্দা শফিকুল জানান, সকাল ৯টার মধ্যেই পরিবারের অন্য ভোটারদের নিয়ে কেন্দ্রে যাবেন তিনি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ সিটি করপোরেশনের ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ১৮৯ জন। এর মধ্যে ২ লাখ ৩ হাজার ৩৪৪ জন পুরুষ; আর নারী ২ লাখ ৮৪৫ জন। রোববার সকাল ৮টা থেকে বিকলে ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন তারা। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের শামীম ওসমান দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে, দোয়াত কলম প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী, আনারস প্রতীক নিয়ে বিএনপির তৈমুর আলম খন্দকার, গরুর গাড়ি প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ হাঁস প্রতীক নিয়ে ও আতিকুল ইসলাম জীবন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট সামনে রেখে শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জে চার কোম্পানি (চার শতাধিক) সেনা মোতায়েনের কথা থাকলেও তা হয়নি। এ নিয়ে দিনভর অনিশ্চিয়তা চলার পর সন্ধ্যায় নিজের অসহায়ত্ব প্রকাশ করে সিইসি শামসুল হুদা বলেন, নির্বাচন কমিশন চাইলে সরকার সাংবিধানিকভাবে সেনা দিতে বাধ্য। তারপরও সময়মতো সেনা মোতায়েন হয়নি। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান এ নিয়ে আপত্তি না তুললেও তার দুই শক্ত প্রতিদ্বন্দ্বী আইভী ও তৈমুর ক্ষোভ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন বলছে, সেনা সদস্যদের অনুপস্থিতিতে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে। শহরের ডনচম্পা মেইন রোড এলাকার বাসিন্দা কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোট দিতে যাওয়ার বিষয়ে তার কোনো সংশয় নেই। তিনি অবশ্যই ভোট দিতে যাবেন। জটিলতা ছাড়াই নিরপেক্ষভাবে এ নির্বাচন শেষ হবে বলেও আশা করছেন ১২ নম্বর ওয়ার্ডের এই ভোটার। "শীতলক্ষা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ভোট দিতে যাবো। মনে কোনো ভয় নেই, ভোট দেবই", একদমে কথাগুলো বললেল মাখন লাল দে। গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও ব্যবসার কারণে গত ৩৫ বছর ধরে নারয়ণগঞ্জে স্থায়ী হয়ে যাওয়া মাখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আর্মি না থাকলে কি ভোট হয় না? ১৮ নম্বর ওয়ার্ডে শীতলক্ষ্যা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেব আমরা।" তবে সেনা মোতয়েন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করলেন ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার ও নিতাইগঞ্জ এলকার চাল ব্যবসায়ী বাদল হোসেন। তিনি বলেন, "নিরাপত্তার জন্যই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সেনা মোতায়েন উচিৎ ছিল। তবে তারপরও আমি ভোট দিবে যাবো।" সেনা মোতায়েন না হলেও ভোটের দিন মোট ১৪ শ' র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যাও থাকছেন। চানমারির বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, "ভোটতো দিতেই হবে। তবে সেনাবাহিনী না থাকলে একজন 'গডফাদার প্রার্থী' ভোটদানে বাধা দিতে পারেন।" অবশ্য ১৫ নম্বর ওয়ার্ডের ভোটার সুবল চন্দ্র দাস মনে করেন, ভয় পেলে চলবে না, নারায়ণগঞ্জবাসীকে তাদের নিজেদের স্বার্থেই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই নির্বাচনে ৩১২ জন প্রার্থীর মধ্যে মেয়র পদে ৬ জন; কাউন্সিলর পদে ২৫০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচনী কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, "সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবেই ভোটকেন্দ্রে যাবেন বলে আশা করছি আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচএ/জেকে/১৮১৭ ঘ.