২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিম-সেলিমকে নিয়ে আইভীর চিঠি ইসিকে

নারায়ণগঞ্জে ভোট চলাকালীন শামীম ওসমানের দুই ভাইকে প্রচার ও 'প্রভাব খাটানো' থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন সেলিনা হায়াৎ আইভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ভোট চলাকালীন শামীম ওসমানের দুই ভাইকে প্রচার ও 'প্রভাব খাটানো' থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। এছাড়া 'বহিরাগত ও সন্ত্রাসীদের' বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও ইসির কাছে চিঠিতে দাবি জানিয়েছেন তিনি। শনিবার জেলা পরিষদ ডাক বাংলোতে জেলা নির্বাচনী কর্মকর্তাকে আইভীর পক্ষে পৃথক দুটি চিঠি দেন তার প্রধান নির্বাচনী এজেন্ট আনোয়ার হোসেন। চিঠি প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোট চলাকালীন ভোট দেওয়া ছাড়া কোনো ধরনের প্রভাব খাটানো হচ্ছে কি না বা প্রচারণা করছে কি না সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলে দেওয়া হবে। এছাড়া সার্বিক বিষয়টি র‌্যাব কমান্ডারসহ সংশ্লিষ্টদের জানানো হবে।" চিঠিতে বলা হয়, "নির্বাচনের সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম নাসিম ওসমান ও তার ভাই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এবং নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি সেলিম ওসমান যেন কেন্দ্রে ভোট দেওয়া ছাড়া অন্য কোথাও গিয়ে প্রভাব বিস্তার, হুমকি প্রদান ও প্রচার না করতে পারেন সে ব্যাপারে আপনাদের মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হবে এটাই আমাদের একান্তভাবে কাম্য।" আরেক চিঠিতে বলা হয়, "২৮ অক্টোবর থেকে বহিরাগত ব্যক্তিদের নাসিক নির্বাচনী এলাকায় অবস্থান করা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী হলেও বেশ কিছু ব্যক্তি নারায়ণগঞ্জ ক্লাব ও রাইফেলস ক্লাবে অবস্থান নিয়েছেন।" "তাদের কেউ কেউ গতকালও (শুক্রবার) ডন চেম্বার এবং মিশনপাড়ায় দেয়ালঘড়ি মার্কার পক্ষে প্রচারণা চালিয়েছেন। এছাড়া পুরাতন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু সন্ত্রাসীচক্র নারায়ণগঞ্জে আসছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি।"- বলা হয় চিঠিতে। এসব "বহিরাগত ব্যক্তি ও সন্ত্রাসীরা যেন নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারসহ কোনো নাশকতামূলক অবৈধ কর্মকাণ্ড ঘটাতে না পারে" সে ব্যাপারে ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করা হয়। রোববার অনুষ্ঠেয় প্রথম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শামীম ওসমান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। শহর আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী দলীয় সমর্থন না পেলেও নির্বাচনে লড়ছেন। এখানে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচএ/পিডি/১৭৪১ ঘ.