২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সব কেন্দ্রেই ক্যামেরা ও র‌্যাব চান তৈমুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ১৬৩ কেন্দ্রের 'সবগুলোই' ঝুঁকিপূর্ণ দাবি করে সব কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো এবং র‌্যাব মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ১৬৩ কেন্দ্রের 'সবগুলোই' ঝুঁকিপূর্ণ দাবি করে সব কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো এবং র‌্যাব মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তুল ধরেন। সেনা মোতায়েন না হওয়ায় নির্বাচন সুষ্ঠু হবে কি না- তা নিয়ে সংশয় প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, "নারায়ণগঞ্জের মতো নিবাচনে সেনা মোতায়েন নিয়ে সরকার যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছে, তাতে নির্বাচন সুষ্ঠু হবে কি না- তা নিয়েও আশঙ্কা রয়েছে।" রোববার ভোট সামনে রেখে শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জে চার কোম্পানি (চার শতাধিক) সেনা মোতায়েনের কথা থাকলেও তা হয়নি। এ নিয়ে দিনভর অনিশ্চিয়তা চলার পর সন্ধ্যায় নিজের অসহায়ত্ব প্রকাশ করে সিইসি শামসুল হুদা বলেন, নির্বাচন কমিশন চাইলে সরকার সাংবিধানিকভাবে সেনা দিতে বাধ্য। তারপরও সময়মতো সেনা মোতায়েন হয়নি। তৈমুর বলেন, "এ নির্বাচনের ১৬৩টি কেন্দ্রের মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে হবে। সব কেন্দ্রে র‌্যাব মোতায়েন করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমি এই দাবি জানাচ্ছি।" নারায়ণগঞ্জ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান জানান, রোববার সকাল ৮টা থেকে ১৩১টি প্রতিষ্ঠানে ১৬৩টি ভোট কেন্দ্র ভোটগ্রহণ হবে। এর মধ্যে ১২৬টি প্রতিষ্ঠান 'ঝুঁকিপূর্ণ' বিবেচনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে ২৪ জন করে নিরাপত্তা কর্মী রাখা হয়েছে। তৈমুর দাবি জানালেও নতুন করে আর কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপনের দাবির বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, "ইতোমধ্যে ২০টি কেন্দ্রে তা করা হয়েছে। শেষ মুহূর্তে আর নতুন করে স্থাপন সম্ভব নয়।" নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে নিরাপত্তা বাহিনীর সাড়ে পাঁচ হাজার সদস্য দায়িত্বে থাকবে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, র‌্যাব সদস্যরা টহলে থাকবেন। তারা কেন্দ্রের দায়িত্বে থাকবেন না। 'সরে যাওয়া' প্রসঙ্গে নির্বাচনে সেনা মোতায়নে 'ব্যর্থ' হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের নিজ থেকেই সরে যাওয়া উচিত বলে মনে করেন তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জ একটি 'সন্ত্রাসী কবলিত এলাকা' বলেই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছেন উল্লেখ করে তিনি সংবাদ সম্মেলনে বলেন, "নির্বাচন কমিশন তাদের প্রতিশ্র"তি পালন করেনি। নির্বাচনে কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা হলে প্রশাসন ও ইসিকে এর দায় নিতে হবে।" এই পরিস্থিতিতে নিজে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি না- এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা তৈমুর বলেন, "আমার নির্বাচন থেকে সরে যাওয়ার প্রশ্নই আসে না। নির্বাচনের মধ্যে আছি, নির্বাচন করে যাবো। তবে এ নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছেন।" 'শামীমকে জিজ্ঞাসাবাদ করুন' ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান নির্বাচনে যে আশঙ্কার কথা বলেছেন- সে বিষয়ে তাকে 'জয়েন্ট ইন্টারগেশন সেলে' নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তৈমুর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "কোথা থেকে তিনি এ তথ্য পেলেন। শামীম ওসমানের অভিযোগ মিথ্যা হলে এ ব্যাপারে জনগণকে আশ্বস্ত করা হোক।" ভোটের তিন দিন আগে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, জঙ্গিরা নির্বাচনে নাশকতা চালাতে পারে বলে তার কাছে তথ্য রয়েছে। তার ওই বক্তব্যের পর প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, শামীমের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তার বক্তব্য মিথ্যা প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে শামীমের প্রার্থিতাও বাতিল করা হবে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন শুক্রবার সাংবাদিকদের বলেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। রোববার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আনারস প্রতীক নিয়ে লড়বেন তৈমুর। এছাড়া দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে আওয়ামী লীগের শামীম ওসমান, দোয়াত কলম প্রতীকে সেলিনা হায়াৎ আইভী, গরুর গাড়ি প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ হাঁস প্রতীক নিয়ে ও আতিকুল ইসলাম জীবন তালা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচএ/জেকে/২০১১ ঘ.