২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা ছাড়াও সুষ্ঠু নির্বাচন সম্ভব: ওবায়দুল

সেনাবাহিনী মোতায়েন না হলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সফল ও সুষ্ঠু হতে পারে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 11:18 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী মোতায়েন না হলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সফল ও সুষ্ঠু হতে পারে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনাদের লক্ষ্য কী? লক্ষ্য-একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে আপত্তি কোথায়?" "বিরোধী দলকে আহ্বান জানাই, সেনাবাহিনী আপনাদের দাবি ছিল, কিন্তু সেনাবাহিনী ছাড়াও অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব।" সকাল ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে নোয়াখালী ওয়েবের অর্ধযুগপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ওবায়দুল। রোববারের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রথম মেয়র নির্বাচনে সেনা মোতায়েন হবে বলে আগে জানিয়েছিল নির্বাচন কমিশন। শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা জানান, সেনা মোতায়েন হচ্ছে না। নারায়ণগঞ্জে পরিস্থিতি অবনতি হলে তার দায় নির্বাচন কমিশন নেবে না বলেও মন্তব্য করেন সিইসি। মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার সেনা মোতায়েনের দাবি জানিয়ে এলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান এর বিরোধিতা করেন। সেনা মোতায়েন না হলেও তৈমুর নির্বাচনে থাকছেন বলে শনিবার জানান বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএম/পিডি/১৭১৩ ঘ.