২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপি সমর্থিতরা নির্বাচনে থাকছে'

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সেনা মোতায়েন না হলেও বিএনপি সমর্থিত তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের মেয়র হওয়ার নির্বাচনী লড়াইয়ে থাকছেন বলে জানিয়েছেন দলটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 06:56 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সেনা মোতায়েন না হলেও বিএনপি সমর্থিত তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের মেয়র হওয়ার নির্বাচনী লড়াইয়ে থাকছেন বলে জানিয়েছেন দলটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। শনিবার সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "সেনা মোতায়েন ছাড়া এই নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মুখোশ উন্মোচন করতে আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি।" "আমাদের সমর্থিত প্রার্থীদের এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, এই নির্বাচনের মাধ্যমে সরকারের আসল রূপ জনগণের কাছে প্রকাশ পাবে", যোগ করেন নোমান। রোববার ভোট সামনে রেখে শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের কথা থাকলেও তা না হওয়ায় দিনভর অনিশ্চিয়তা চলে। এ বিষয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করে সিইসি শামসুল হুদা বলেন, নির্বাচন কমিশন চাইলে সরকার সাংবিধানিকভাবে সেনা দিতে বাধ্য। তারপরও সময়মতো সেনা মোতায়েন হয়নি। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান এ নিয়ে আপত্তি না তুললেও তার দুই শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভী এবং তৈমুর আলম খন্দকার ক্ষোভ প্রকাশ করেন। শেষ পর্যন্ত হয়তো সেনা মোতায়েন হবে না- প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদার এমন ইংগিতের পর নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে রাস্তায় নামে তৈমুরের সমর্থকরা। অবিলম্বে সেনা মোতায়েনের দাবিতে তারা শ্লোগানও দেন। এই পরিস্থিতিতে গুঞ্জন শুরু হয়, তৈমুর হয়তো সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পরেন। শুক্রবার রাতে আবদুল্লাহ আল নোমান এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, শনিবার সকালের মধ্যে সেনা মোতায়েন করা না হলে তার দল বৈঠক করে সিদ্ধান্ত জানাবে। শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নোমান বলেন, "সরকার সেনা মোতায়েন না করে নারায়ণগঞ্জ নির্বাচনে ভোট কারচুপি করতে চায়। আমরা জানি, এই নির্বাচন তারা সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেবে না। তার ওপর ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে তারা (সরকার) বড় কারচুপি করবে।" এমন ধারণার পরও বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচনে থাকছেন কি না জানতে চাইলে তিনি বলেন, "আমাদের সমর্থিত প্রার্থীরা নির্বাচন করবে। তাদেরকে বার্তা পাঠানো হয়েছে- 'আপনারা নির্বাচন করুন। একইসঙ্গে সেনা মোতায়েনের দাবির কথা জনগণের কাছে বলুন।'" অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, তথ্য বিষয়ক সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিক্ষা বিষয়ক সহসম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু, মাহবুবুল হক নান্নু, রফিক শিকদার, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 'ঠাণ্ডা মাথায় বিরত থাকেন সিইসি' এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে 'সরকারের তল্পিবাহক' উল্লেখ করে নোমান বলেন, ''সিইসি বলেছেন, সেনা মোতায়েন না করে সরকার সংবিধান লঙ্ঘন করেছেন। তাহলে আমাদেরও প্রশ্ন, কেন- আপনি এই নির্বাচন করছেন?" সেনা বাহিনীর পরিবর্তে র‌্যাব-পুলিশের সংখ্যা বাড়ানোর সমালোচনা করে তিনি বলেন, "শুক্রবার বন্ধের দিন তিনি (সিইসি) র‌্যাব-পুলিশের সংখ্যা বৃদ্ধির কাজটি করতে পারলেও সেনা মোতায়েনের জন্য কোনো উদ্যোগ নেননি। এ থেকে বোঝা যায়, তিনি ঠাণ্ডা মাথায় সেনা মোতায়েন থেকে বিরত রয়েছেন।" শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে সিইসি শামসুল হুদা সব নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে ব্যক্তিগত অবস্থানের কথা জানিয়ে বলেন, "এরপরও আমরা এটা (সেনা মোতায়েন) চেয়েছি, যেহেতু জনগণ বারবার দাবি করতে লাগলো।" সেনা মোতায়েন না হলেও নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা জানিয়ে শামসুল হুদা বলেন, "এই অবস্থায় আমাদের কাছে দুটি বিকল্প আছে, একটি হচ্ছে নির্বাচন স্থগিত করে দেওয়া। কারণ এখানে জনগণের আস্থার একটি বিষয় আছে। অন্যটি হচ্ছে ঘাটতি পূরণ করে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়া।" 'ঘাটতি পূরণের' অংশ হিসেবেই নির্বাচনী এলাকায় র‌্যাব-পুলিশ বাড়ানোর সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে 'গডফাদার' আখ্যায়িত করে নোমান বলেন, "এই গডফাদারই ১৯৯৮ সালে নারায়ণগঞ্জের কাছে খালেদা জিয়ার লং মার্চে বাধা দিয়েছিলো। তারা (আওয়ামী লীগ) ভেবেছে, এবারও তারা বিরোধীদলের আন্দোলনকে দাবিয়ে রাখবে। এটা কোনো দিন সম্ভব হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরআরডি/জেকে/১২৪৬ ঘ.