২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি নেই, নির্বাচন সুষ্ঠু হবে: সাহারা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিবাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী শামীম ওসমান জঙ্গি হামলার আশঙ্কার কথা তুললেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 06:28 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিবাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী শামীম ওসমান জঙ্গি হামলার আশঙ্কার কথা তুললেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলছেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। সেনা মোতায়েন না হলেও নির্বাচন সুষ্ঠু হবে বলেই আশা করছেন তিনি। শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল হাসপাতালে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমি তার (শামীম) বক্তব্য শুনিনি। কাজেই কিছু বলতে পারছি না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই।" গত তিন বছরে সরকার সব ধরনের জঙ্গি তৎপরতা নির্মূল করেছে বলেও দাবি করেন সাহারা। ভোটের তিন দিন আগে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, জঙ্গিরা নির্বাচনে নাশকতা চালাতে পারে বলে তার কাছে তথ্য রয়েছে। তার ওই বক্তব্যের পর প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, শামীমের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তার বক্তব্য মিথ্যা প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে শামীমের প্রার্থিতাও বাতিল করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে সিইসি জানান। রোববার ভোট সামনে রেখে শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের কথা থাকলেও তা না হওয়ায় অনিশ্চিয়তা তৈরি হয়। নির্বাচনের দুই প্রার্থী আওয়ামী লীগ নেতা সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি সমর্থিত তৈমুর আলম খন্দকার এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। শুক্রবার রাতে এ বিষয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করে সিইসি শামসুল হুদা বলেন, নির্বাচন কমিশন চাইলে সরকার সাংবিধানিকভাবে সেনা দিতে বাধ্য। তারপরও সময়মতো সেনা মোতায়েন হয়নি। এই পরিস্থিতিতে নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে সাহারা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই হবে বলে মনে করছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন গত ১০ বছরের তুলনায় 'অনেক ভালো'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/১২১৫ ঘ.