মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
নারায়ণগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা মোতায়েন নিয়ে শেষ মুহূর্তের নাটকীয়তার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময়সীমা শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে। রোববার নতুন এ সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর গত ১৩ অক্টোবর আনুষ্ঠানিক প্রচারে নামে, যদিও অনানুষ্ঠানিক প্রচার শুরু হয় তার আগে।
এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন শনিবার প্রথম প্রহরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। এরপর নির্বাচনের আর প্রচার চালানো যাবে না।"
সেনাবাহিনী মোতায়েন না হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মধ্যরাত থেকেই নির্বাচনী এলাকায় টহলে নেমেছে। কেউ নির্বাচনী বিধি ভঙ্গের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কর্মকর্তা ফরহাদ জানান।
এ নির্বাচনে সেনা মোতায়েনের কথা থাকলেও ভোটগ্রহণের ৩৮ ঘণ্টা আগে শুক্রবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা জানান, সেনাসদস্যদের পাচ্ছে না ইসি।
সেনা মোতায়েন না করার প্রতিবাদ জানিয়ে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, এর ফলে গোলযোগ সৃষ্টি হলে পরিস্থিতির দায়ভার নির্বাচন কমিশন ও সরকারকে নিতে হবে।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমান সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনিও বুঝতে পারছেন না কেন শেষ মুহূর্তে সেনা মোতায়েন হলো না।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শামীম ওসমান চাননি বলেই সেনা মোতায়েন হয়নি।
সেনা মোতায়েন না হলেও নির্বাচন যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্নের আশা প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, "নির্বাচন অসুষ্ঠু হওয়ার কোনো শঙ্কা নেই। সেনা না থাকলেও এ নির্বাচন হবে। সেক্ষেত্রে অতিরিক্ত ১০০ র্যাব সদস্য নিয়ে সাতশ' র্যাব সদস্য নিয়োজিত থাকবে।"
"স্থানীয় সরকারের অন্য নির্বাচন তো সেনা মোতায়েন ছাড়াই সুষ্ঠুভাবে হয়েছে, এবারো হবে," বলেন তিনি।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনী এলাকায় একটানা ভোট চলবে। কোনো ধরনের সহিংসতা হলে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন রিটার্নিং কর্মকর্তা।
লুৎফুর জানান, ইতোমধ্যে ভোটগ্রহণের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে গেছে। ভোটের আগে নিরাপত্তা রক্ষীর প্রহরায় তা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।
ভোটের আগে বৃহস্পতিবার মধ্যরাতেই সিটি কর্পোরেশন এলাকায় বহিরাগতদের (যারা ভোটার নন বা বাসিন্দা নন) নির্বাচনী এলাকা ছাড়তে হয়েছে।
এছাড়া নির্বাচনী এলাকায় ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ৩০ অক্টোবর রাত পর্যন্ত অনুমোদিত ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
শুক্রবার মধ্যরাত থেকে মোট পাঁচ দিনের জন্য চার হাজার অতিরিক্ত সদস্যসহ প্রায় সাড়ে পাঁচ হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকার কথা জানিয়েছিলো ইসি। এর সঙ্গে এখন র্যাবের আরো একশ সদস্য যোগ হচ্ছে।
গত ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এ সিটি কর্পোরেশনে সাধারণ ওয়ার্ড ২৭টি ও সংরক্ষিত ওয়ার্ড ৯টি। এ নির্বাচনী এলাকার ৪ লাখ ৪ হাজার ১৮৯ ভোটারের মধ্যে পুরুষ ২ লাখ ৩ হাজার ৩৪৪ জন ও মহিলা ২ লাখ ৮৪৫ জন।
মেয়র পদে ৬ প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ২৫০ প্রার্থী ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে শামীম ওসমান, দোয়াত কলম প্রতীক নিয়ে আইভী, আনারস প্রতীক নিয়ে তৈমুর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া গরুর গাড়ি প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী এবং নির্দলীয় প্রার্থী শরীফ মোহাম্মদ হাঁস প্রতীক নিয়ে ও আতিকুল ইসলাম জীবন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেশে দ্বিতীয়বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে এ নির্বাচনে। ২৭টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ডের ৫৮ কেন্দ্রের ৪৫০টি বুথে একটি করে ইভিএম ব্যবহার করা হচ্ছে। এসব ওয়ার্ডের ভোটার রয়েছে ১ লাখ ৪৮ হাজার ৬২৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৩২৭ ঘ.
bdnews24