২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসব ছাপিয়ে শঙ্কা

শেষ মুহূর্তে সেনা মোতায়েন না হওয়ায় নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকের মনেই শঙ্কার সৃষ্টি হয়েছে। ভোট কেন্দ্রে যাবেন কি না, তা নিয়েও ভাবনায় পড়েছেন কেউ কেউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ মুহূর্তে সেনা মোতায়েন না হওয়ায় নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকের মনেই শঙ্কার সৃষ্টি হয়েছে। ভোট কেন্দ্রে যাবেন কি না, তা নিয়েও ভাবনায় পড়েছেন কেউ কেউ। আগে থেকে জানানো হলেও ভোটগ্রহণের ৩৮ ঘণ্টা আগে শুক্রবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা জানান, চেয়েও সেনাসদস্য পায়নি ইসি। ভোটগ্রহণের ৩৮ ঘণ্টা আগে এ কথা জানার পর উৎসবমুখর নির্বাচনী আমেজ বদলে সন্ধ্যায় পথচারীদের চোখে-মুখে ভয়ের ছাপ দেখা যায়। সিইসির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে নিতাইগঞ্জের সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আর সুষ্ঠু নির্বাচনের আশা নেই। যারা প্রভাবশালী তারা কেন্দ্র দখল করে ভোট নিয়ে নেবে।" "সেনা মেতায়েন না হওয়ায় ভোট দিতে যাবো না আমি। ভোট দিতে গিয়ে কোপ খাবো নাকি," বলেন তিনি। দোকানদার আমির হোসেন হতাশা প্রকাশ করে বলেন, "হুনতাছি সেনাবাহিনী আসবে না। তা হলে তো ভোট দিতে ভয় পাইতাছি।" বিবি রোডের আলমাস বেগমও এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, "সেনাবাহিনী না এলে অনেকে ভোটও দিতে যাবে না।" ওই এলাকার রহিম হোসেন বলেন, "আতঙ্কে আছি। ভোট দেব কী দেবো না তা নিয়ে ভাবতাছি। অবস্থা বুঝে ঘর থেকে বের হবো।" তবে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন সুষ্ঠুভাবে করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী সরঞ্জাম আগামীকাল প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে।" আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম সমন্বয় করতে শুক্রবার রাতেই সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/এএইচ/এমআই/২৩১০ ঘ.